দুই মাসের অতিরিক্ত কাজের (ওভারটাইম) অর্থ ও কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে মহাখালীর জেমিনি গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীরা বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, গত শনিবার থেকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের হদিস মিলছে না।
জানা যায়, গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেন জেমিনির শ্রমিক-কর্মচারীরা। তাঁরা ফেব্রুয়ারি মাসের বেতন, গত দুই মাসের ওভারটাইম ও কর্মচারীদের বকেয়া বেতন বুঝিয়ে দেওয়ার দাবি করেন। একই সঙ্গে বিক্ষোভকারীরা দুই মালিকের ছবি নিয়ে তাঁদের সন্ধানও চান। গত রোববার থেকে কারখানার কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা।
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা জানান, লিখিত চুক্তি অনুযায়ী গত বৃহস্পতিবার ওভারটাইম ও বকেয়া বেতনের টাকা দেওয়ার কথা ছিল। তবে ওই দিন জেমিনির এমডি ফজলুর রহমান ও পরিচালক আবুল কালাম আজাদ রোববার পর্যন্ত সময় চান। তবে তার আগের দিন শনিবার সন্ধ্যার পর থেকেই তাঁরা উধাও। তাঁদের বাসায় খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে না। এমনকি মুঠোফোনও বন্ধ। এ বিষয়ে গতকাল বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অন্যদিকে বিজিএমইএর সহকারী সচিব কে এম মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মালিকদের পাওয়া না গেলে সমস্যার সমাধান করা যাবে না। তাঁদের কোনো খোঁজ নেই। মুঠোফোন বন্ধ।
গত মাসের মাঝামাঝি সময়ে শ্রমিকেরা দুই মালিককে কারখানার ভেতরে অবরুদ্ধ করে জানুয়ারি মাসের বেতন আদায় করেন। এ সময় মালিকপক্ষ প্রথমে কারখানা বন্ধ করে দেওয়ার কথা বললেও পরে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।
প্রথম আলোর পক্ষ থেকে গতকাল রাতে ফজলুর রহমানের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।