বকেয়া রেখে সেবা দিতে পারবে না আইজিডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা বকেয়া রেখে এখন থেকে কোনো আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর বিদেশ থেকে কল আনতে পারবে না। এ জন্য নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই নিয়ম ইন্টার কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নতুন নীতিমালায় ব্যাংক জামানত, সেবার পূর্বে নগদ ও অগ্রিম পরিশোধ (প্রিপেইড), সম্পদের তফসিল সংযুক্ত করার মতো বিষয়গুলো যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। অর্থাৎ এখন থেকে সেবা দিতে হলে আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি অপারেটরদের একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ নিয়ন্ত্রক সংস্থার কাছে অগ্রিম জমা রাখতে হবে।
বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বকেয়া আদায়ে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিটিআরসি এমন সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে কাউকে খেলাপি হতে দেওয়া হবে না, একই সঙ্গে খাতটি আরও সুশৃঙ্খল হবে।’
চলতি বছরে আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি অপারেটরদের কাছে বিটিআরসির বকেয়া দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৩ কোটি টাকা। এর মধ্যে আইজিডব্লিউ অপারেটরদের ৮৯১ কোটি ৮০ লাখ টাকা, আইসিএক্স অপারেটরদের ৭৪৯ কোটি ৭৬ লাখ টাকা ও আইআইজি অপারেটরদের ১১ কোটি ৮৭ লাখ টাকা বকেয়া রয়েছে।
বর্তমানে বিটিআরসির লাইসেন্স পাওয়া ২৯টি আইজিডব্লিউ, ২৬টি আইসিএক্স ও ৩৭টি আইআইজি অপারেটর আছে। বকেয়া পরিশোধ না করায় এর মধ্যে ছয়টি আইজিডব্লিউ অপারেটরের কার্যক্রম স্থগিত করা হয়েছে, চারটির লাইসেন্স বাতিল করা হয়েছে। কার্যক্রম বন্ধ থাকা ছয় আইজিডব্লিউ অপারেটর হলো—ভিশন টেল লিমিটেড, বেস্টেক টেলিকম লিমিটেড, টেলেক্স লিমিটেড, রাতুল টেলিকম, কে কমিউনিকেশনস ও এসএম কমিউনিকেশন। বকেয়া আদায়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪টি মামলা করেছে বিটিআরসি।
বিদেশ থেকে বাংলাদেশে ইনকামিং ও আউটগোয়িং কল আনার মাধ্যম হিসেবে কাজ করে আইজিডব্লিউ অপারেটররা। দেশি-বিদেশি কল গ্রাহক পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করে আইসিএক্স অপারেটররা। ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় ব্যান্ডউইট্থ সরবরাহের কাজটি করে থাকে আইআইজি অপারেটররা। এ জন্য সরকারকে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ রাজস্ব হিসেবে দিতে হয় এসব অপারেটরকে।
রাতুল টেলিকম নামের আইজিডব্লিউ কোম্পানির ৭০ শতাংশ শেয়ারের মালিক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের কন্যা সৈয়দা আমরিন আঁখি ও স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানু। একইভাবে কে টেলিকমিউনিকেশনের মালিকানার বড় অংশ আওয়ামী লীগদলীয় সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও পুত্র ইমতিনান ওসমানের নামে আছে। তবে গত বছর কার্যক্রম স্থগিত হওয়ার পর মো. সাখাওয়াত হোসেন, দেবব্রত চৌধুরী, মো. রকিবুল ইসলামসহ তিন ব্যক্তির নামে প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন করা হয়। এ তিন ব্যক্তির কোনো খোঁজ বিটিআরসি পায়নি।
নতুন নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড নামের আরেকটি আইজিডব্লিউ অপারেটরকে ১০২ কোটি ৪১ লাখ টাকার বকেয়া পরিশোধে ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিটিআরসি। এ সময়ের মধ্যে পাওনা পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নিয়ে রেখেছে কমিশন।
এ ছাড়া আইআইজি অপারেটর ম্যাঙ্গো টেলিসার্ভিসেসকে ৬ কোটি ৭০ লাখ টাকার বকেয়া পরিশোধে ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটি বকেয়া পরিশোধে ব্যর্থ হলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। একইভাবে যেসব আইসিএক্স অপারেটর বকেয়া পরিশোধ করছে না তাদের কার্যক্রম পর্যায়ক্রমে ৪০ শতাংশ ও ৮০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।