মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বকেয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে একীভূতকরণ ও তরঙ্গ ফি হিসেবে রবির কাছে নিয়ন্ত্রক সংস্থার বকেয়া ৪২৭ কোটি টাকা। অন্যদিকে রবি বলছে, তাদের হিসাবে বিটিআরসির বকেয়া ৩১৮ কোটি টাকা, যা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে রবির এমন ব্যাখ্যা অস্বীকার করে বিটিআরসি বলছে, ১০৯ কোটি টাকা বকেয়া পরিশোধ না করে রবি মার্জারের শর্ত ভঙ্গ করেছে।
বকেয়াসহ মার্জার বিষয়ে পাঁচটি শর্ত ভঙ্গ করা হয়েছে জানিয়ে ১২ ফেব্রুয়ারি রবিকে একটি কারণ দর্শানোর চিঠি পাঠায় বিটিআরসি। এতে বলা হয়, মার্জারের ১২ ও ১৬ নম্বর শর্ত অনুযায়ী তরঙ্গ মূল্য সমন্বয় ও মার্জার ফি বাবদ রবির ৪২৭ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। এ বাবদ গত বছরের ২০ নভেম্বর ৩১৮ কোটি ৫২ লাখ টাকা রবি কমিশনে জমা দিয়েছে। বাকি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত আর কোনো অর্থ রবি পরিশোধ করেনি।
এ বিষয়ে বিটিআরসিকে দেওয়া রবির চিঠিতে বলা হয়েছে, ৪২৭ কোটি টাকার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ অগ্রিম কর বাদ দিয়ে বিটিআরসির পাওনা ৩১৮ কোটি টাকা দেওয়া হয়েছে। বিটিআরসির নিজস্ব মূসক চালান না থাকায় মূসকের ১৫ শতাংশ অর্থ দেওয়া হয়নি। মূসক চালান দেওয়া হলেই এই অর্থ দেওয়া হবে।
বিটিআরসির লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, মূসক ও অগ্রিম কর ছাড়াই রবির কাছে কমিশনের ৪২৭ কোটি টাকা বকেয়া রয়েছে। আগে সেটা পরিশোধ করতে হবে। ৪২৭ কোটি টাকা থেকে মূসক ও অগ্রিম কর কেটে রাখার সুযোগ নেই।
তরঙ্গের বিষয়ে বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, মার্জারের ১৫ নম্বর শর্ত অনুযায়ী ৯০০ মেগাহার্টজ ব্যান্ডে এয়ারটেলের ৫ মেগাহার্টজ তরঙ্গ ফেরত দেওয়ার কথা। এখন পর্যন্ত এই তরঙ্গ ফেরত দেওয়ার বিষয়ে কোনো তথ্য কমিশনে জমা দেওয়া হয়নি। রবির চিঠিতে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ তরঙ্গ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।
রবি-এয়ারটেলের বকেয়ার বিষয়ে বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, মার্জারের ৩ নম্বর শর্ত অনুযায়ী এক হওয়ার আগেই রবি-এয়ারটেলের সব ধরনের বকেয়া পরিশোধ করার কথা। কিন্তু এ বিষয়ে কোনো তথ্য রবি বিটিআরসিতে জমা দেয়নি।
বিটিআরসির এমন অভিযোগ অস্বীকার করে রবির চিঠিতে বলা হয়েছে, বকেয়া পরিশোধের বিষয়ে এখন পর্যন্ত তিনটি ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া হয়েছে। এসব ব্যাংক গ্যারান্টি ২০১৫ সালের অক্টোবর থেকে গত বছরের মে মাসের মধ্যে জমা দেওয়া হয়েছে।
এয়ারটেল থেকে কতজন কর্মী রবিতে যোগ দিয়েছেন এবং স্বেচ্ছা বিচ্ছেদ কার্যক্রমের (ভিএসএস) মাধ্যমে কতজন চাকরি ছেড়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া হয়নি বলেও বিটিআরসির চিঠিতে বলা হয়েছে।
বিটিআরসির এই দুটি অভিযোগ অস্বীকার করে রবি জানিয়েছে, এয়ারটেলের ২৭১ জন কর্মী রবিতে যোগ দিয়েছেন। আর ভিএসএস নিয়ে চাকরি ছেড়েছেন ১৩০ জন কর্মী। কর্মীদের যোগদান ও চাকরি ছাড়ার এসব তথ্য গত বছরের ডিসেম্বরেই বিটিআরসিকে বিস্তারিত জানানো হয়েছে।
এয়ারটেল থেকে চাকরি ছেড়ে আসা কর্মীরা রবিতে এসে কতটা সন্তুষ্ট সে বিষয়ে একটি গবেষণার তথ্যও বিটিআরসিকে দিয়েছে রবি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবসম্পদ গবেষণা প্রতিষ্ঠান টাওয়ারস ওয়াটসনকে দিয়ে চলতি বছরের জানুয়ারিতে একটি জরিপ চালায় রবি। জরিপের ফলাফল অনুযায়ী, রবিতে যোগ দেওয়া এয়ারটেল কর্মীদের সন্তুষ্টির হার ৮৬ শতাংশ, যা আন্তর্জাতিক মান থেকে ১ শতাংশ বেশি।
এসব বিষয়ে জানতে চাইলে রবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এক বছরের আইনি প্রক্রিয়া শেষে রবি-এয়ারটেল মার্জারে গত বছরের ৩০ আগস্ট চূড়ান্ত অনুমোদন দেন আদালত। এরপর ২১টি শর্ত দিয়ে গত অক্টোবরে রবি-এয়ারটেল মার্জারে বিটিআরসি অনুমোদন দেয়। তবে একীভূতকরণ সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র ‘অর্ডার অব মার্জার অব লাইসেন্স’ রবিকে এখনো দেয়নি বিটিআরসি। বর্তমানে এয়ারটেলের নেটওয়ার্ক রবির সঙ্গে এক করার কাজ চলছে।