বকেয়া বেতন-ভাতার দাবিতে সিটিসেল কর্মীদের মানববন্ধন

বকেয়া বেতন-ভাতাসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) কর্মীরা। রাজধানীর মহাখালীতে গতকাল বুধবার বিকেলে সিটিসেলের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটিসেল এমপ্লয়িজ ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে।
সাত দফা দাবির মধ্যে রয়েছে ২১ আগস্টের মধ্যে চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, কোরবানি ঈদের বোনাস, এলএফএ বোনাস, প্রভিডেন্ট ফান্ডের প্রযোজ্য সুবিধা, গ্র্যাচুইটি, ক্ষতিপূরণ হিসেবে পাঁচ বছরের বেতন-ভাতা এবং বেতন থেকে কেটে নেওয়া করের সনদ প্রদান। প্রায় ৫০০ কোটি টাকা বকেয়া পরিশোধ করতে না পারায় সরকার সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়ার পরই এসব দাবি জানান সিটিসেলের কর্মীরা।
এদিকে, সিটিসেলের গ্রাহকদের ২৩ আগস্টের মধ্যে বিকল্প সেবা নেওয়ার জন্য গতকাল নতুন একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বকেয়া ৪৭৭ কোটি টাকা পরিশোধ না করে কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে সিটিসেল লাইসেন্সের শর্ত ও বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের বিধান লঙ্ঘন করেছে। এই অবস্থায় সরকার সিটিসেলের লাইসেন্স বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সিটিসেলের গ্রাহকদের বিকল্প সেবা গ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের বেঁধে দেওয়া সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে কমিশন।
সিটিসেলে বর্তমানে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৬৫০। এর মধ্যে স্থায়ী কর্মী আছেন ৪০০-এর বেশি। সিটিসেলের করপোরেট কমিউনিকেশনস বিভাগের প্রধান তসলিম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সিটিসেলের কার্যক্রম যাতে বন্ধ না হয়, সে জন্য সরকারের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কর্মীদের স্বার্থ সংরক্ষণেরও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’