বগুড়ার আড়তে হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর দুই দিন পার হয়ে গেছে। তারপরও বগুড়ার আড়তগুলোতে চামড়ার জন্য হাহাকার চলছে। সরবরাহ কম থাকায় এখানকার আড়তদার ও ব্যবসায়ীরা অনেকটা প্রতিযোগিতা করেই চামড়া কিনেছেন। এতে করে চামড়ার দাম বেঁধে দেওয়া দরের চেয়ে দেড় থেকে দুই গুণে পৌঁছেছে।

জেলা চামড়া ব্যবসায়ী সমিতির একাধিক নেতা জানান, ঢাকার ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাঁদের অনেকে বাড়িতেই লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেছেন। এ জন্য পাইকারি বাজারে চামড়ার সংকট দেখা দিয়েছে।

ঈদের দিনে বগুড়ার মহাস্থানহাট, বাদুড়তলা, চকসুত্রাপুর ও চকযাদু রোড ঘুরে দেখা গেছে, প্রতিটি বড় আকারের গরুর চামড়া সর্বোচ্চ তিন হাজার ও মাঝারি আকারের গরুর চামড়া দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়। এ ছাড়া ছাগলের চামড়া আকারভেদে ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে। ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দর অনুযায়ী চামড়া কিনলে এই দাম প্রায় অর্ধেক হওয়ার কথা ছিল।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বলেন, দাম না বাড়ানো হলে লবণ দিয়ে সংরক্ষণ করা এসব চামড়া সহসাই কেউ বাজারে ছাড়বেন না। আর এই বিপুল পরিমাণ চামড়া বাজারে না এলে ব্যবসায়ীদের পাশাপাশি ট্যানারি মালিকেরাও ক্ষতিগ্রস্ত হবেন।

সমিতির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বলেন, ট্যানারি মালিকেরা যে দাম নির্ধারণ করেন তা বাজারের সঙ্গে সামঞ্জস্য ছিল না। এ কারণে বেঁধে দেওয়া দরে কেউ চামড়া কিনতে পারেননি। এ ছাড়া আরেকটি কারণ, এবার চামড়ার বাজারে অন্য দেশের টাকা ঢুকেছে। ফলে বেশির ভাগ চামড়াই এখন মৌসুমি ব্যবসায়ীদের হাতে। ট্যানারি মালিকেরা বেশি দামে চামড়া না কিনলে সেসব চামড়া ভারতে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।