বগুড়ার সান্তাহারে বহুতল খাদ্যগুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি অত্যাধুনিক বহুতল খাদ্যগুদাম (চাল) নির্মাণের কাজ চলতি অক্টোবরেই শেষ হচ্ছে। প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা বলেন, চলতি বছরের ডিসেম্বরে সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত বৃহৎ এই গুদাম হস্তান্তর হবে। প্রকল্পের কর্মকর্তারা বলেন, এই গুদামের চাল ধারণ ক্ষমতা প্রায় ২৬ হাজার মেট্রিক টন। তাঁরা এটাকে দেশের প্রথম বহুতল খাদ্য গুদাম বলে দাবি করেন। তাঁদের মতে, শীতাতপ নিয়ন্ত্রিত বলে গুদামটিতে চাল নষ্ট হবে না। ফলে সরকারের বিশাল অঙ্কের টাকা সাশ্রয় হবে। গুদামটি নির্মাণের ফলে ধানসমৃদ্ধ উত্তরাঞ্চলে চাল সংরক্ষণে ব্যাপক সুবিধা হবে। এতে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান হবে। ২০১২ সালের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বহুতল এই গুদামের নির্মাণের ঠিকাদার নিযুক্ত করা হয়। ২০১৩ সালের জানুয়ারি মাসে এটি তৈরির কাজ শুরু করে জাপানের নির্মাণপ্রতিষ্ঠান শিমুজি করপোরেশন। এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৬৪ কোটি টাকা। এর মধ্যে ২০২ কোটি টাকা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।