বগুড়ার হাটে নতুন পাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি হাটে নতুন পাটের বেচাকেনা ষ প্রথম আলো
বগুড়ার সারিয়াকান্দি হাটে নতুন পাটের বেচাকেনা ষ প্রথম আলো

বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার হাটবাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। দামও গত বছরের তুলনায় কিছুটা বেশি। বিশেষ করে ঈদের আগে পাট বিক্রি করে ভালো দাম পাওয়ায় কৃষকেরা বেজায় খুশি বলে জানান।
সম্প্রতি জেলার বিভিন্ন হাটে গিয়ে দেখা যায়, প্রতি মণ পাট এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর দাম আরও কম ছিল।
সরকারি পাট ক্রয়কেন্দ্রগুলো এখনো পাট কেনা শুরু করেনি। তারা আরও কয়েক দিন পর মাঠে নামবে বলে জানা গেছে। পাট অধিদপ্তরের সোনাতলা উপজেলার পরিদর্শক এ কে এম জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি ক্রয়কেন্দ্রগুলো পাট কেনা শুরু না করায় কৃষকেরা ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা যায়, কৃষকেরা এখন পাট কাটা, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। কয়েক দিনের মধ্যেই কৃষকেরা এই পাট হাটবাজারে নিয়ে আসবেন বলে জানান।
সারিয়াকান্দি উপজেলা সদরের হাটে মানিকদাইড় চরের কৃষক চান মিয়া জানান, এবার তিনি পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেন। প্রতি বিঘায় পাট চাষে খরচ হয়েছে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকা। আর বিঘাপ্রতি পাটের ফলন হয়েছে ৮ থেকে ১০ মণ। বর্তমান বাজারে যে দরে কেনাবেচা হচ্ছে, তাতে লাভ থাকবে।

সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর এই উপজেলায় সাত হাজার ৯৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বিকল্প বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় কিছু ক্ষতি হয়েছে। তার পরও উপজেলায় ৯১ হাজার ৭৩০ বেল পাট উৎপাদিত হবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পাট চাষ, উন্নত মানের পাট বীজ উৎপাদন, পোকামাকড় দমন ও চাষিদের হাতেকলমে আধুনিক পদ্ধতিতে পাট পচানোর কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ায় এবং লাভও তুলনামূলক বেশি হওয়ায় কৃষকেরা আবার পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সরদার সালাউদ্দিন জানান, গত বছর বন্যায় পাটচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছিল। তাই এবার তাঁরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সে জন্য বিনা মূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। ফলে কৃষকেরা পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।