বগুড়ার চিকন সেমাই যাচ্ছে সারা দেশে

ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া শহরের উপকণ্ঠে ‘চিকন সেমাইপল্লি’ এখন বেশ সরগরম। শতাধিক কারখানায় নারী কারিগরেরা দিনে-রাতে বিদ্যুৎ ও হস্তচালিত সেমাইকলে সেমাই তৈরি এবং তা রোদে শুকানো ও প্যাকেটজাত করার কাজে ব্যস্ত।
চিকন সেমাইপল্লিতে আলাপ করে জানা যায়, ঈদ সামনে রেখে এখানে প্রতিদিন গড়ে ৫০-৬০ টন সেমাই উৎপাদন হচ্ছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরা এসব সেমাই নিয়ে যান। এই সেমাই তৈরির কাজে নিয়োজিত আছেন চার শতাধিক নারী।
সেমাইকলের মালিক আবদুর রশিদ বলেন, এখানে দুই ধরনের সেমাই তৈরি হচ্ছে—রোদে শুকানো ও কড়াইয়ে ভাজা। এর মধ্যে কড়াইয়ে ভাজা সেমাই প্যাকেটজাত হয়ে যাচ্ছে বগুড়া শহরের নামীদামি হোটেল ও কনফেকশনারির বিক্রয়কেন্দ্রে। ৫০-৬০ টাকা কেজি দামের এই সেমাই বগুড়া শহরে গিয়েই ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হয়।
শহরের অদূরে করতোয়া নদীর কোল ঘেঁষে বেজোড়া, ঘাটপাড়া, শেওলাগাতি, কালিসামাটি, শ্যামবাড়িয়াসহ আশপাশের কয়েকটি গ্রামে গড়ে উঠেছে এই সেমাইপল্লি। অর্ধশতাব্দী ধরে এখানে তৈরি হচ্ছে হরেক রকমের চিকন সেমাই। সুস্বাদু হিসেবে এটির খ্যাতি থাকায় বিক্রিও ভালো। বিদেশেও রপ্তানি হচ্ছে। কারখানার মালিকেরা জানান, সারা বছর সেমাই তৈরি হলেও পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময় এটি সবচেয়ে বেশি বিক্রি হয়।
কারখানার মালিকেরা জানান, চাহিদা বেড়ে যাওয়ায় অন্য বছরের তুলনায় এবার চিকন সেমাইয়ের ভালো দাম মিলছে। এতে তাঁরা ভীষণ খুশি। তাঁরা বলেন, পাকিস্তান আমল থেকেই বগুড়ার চিকন সেমাইয়ের খ্যাতি রয়েছে। একসময় হাতে তৈরি হতো এই সেমাই। তবে এখন হাতের পাশাপাশি বিদ্যুৎ-চালিত যন্ত্র দিয়েও সেমাই তৈরি হচ্ছে।
সরেজমিনে গিয়ে প্রায় প্রতিটি কারখানাতেই বিপুল পরিমাণ ময়দার বস্তা ও সেমাইয়ের মজুত দেখা গেছে।
প্রায় ৫০ বছর ধরে চিকন সেমাই তৈরির কাজে নিয়োজিত বেজোড়া-ঘাটপাড়ার কারিগর আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতার আগে ভারত ও পাকিস্তান থেকে কয়েকজন কারিগর চিকন সেমাই তৈরির কৌশল শিখে এসে বগুড়া শহরতলির চারমাথা-গোদারপাড়া এলাকায় প্রথম চিকন সেমাই তৈরি শুরু করেন। তা পরবর্তীকালে দুলু মিয়া, শাহের আলী, খোকা মিয়া ও জাবেদ আলী নামের কারিগরদের হাত ধরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে চিকন সেমাই তৈরির কাজ। এর মধ্যে বিশেষ করে বেজোড়া এলাকা পরিচিতি পায় চিকন সেমাইপল্লি হিসেবে।
আবদুল কুদ্দুস নামে একজন কারিগর বলেন, প্রথম দিকে এখানকার কারখানা থেকে চিকন সেমাই যেত বগুড়ার রাজাবাজারে। সেখান থেকে বিভিন্ন শহরে নেওয়া হতো। বর্তমানে কারখানা থেকেই সরাসরি কিনে নিচ্ছেন বিভিন্ন জায়গার পাইকারেরা।
কারখানার মালিকদের দাবি, ঢাকার অনেক নামীদামি কোম্পানি সারা বছর ফরমাশ দিয়ে তাঁদের কাছ থেকে প্যাকেটজাত চিকন সেমাই তৈরি করে নেন।
বেজোড়া গ্রামের একটি সেমাইকলের কারিগর মাকসুদা বেগম বলেন, শবে বরাতের পর থেকেই সব কারখানায় ফরমাশ বেড়েছে। ঈদ উপলক্ষে দেড় থেকে দুই মাস কারখানায় কাজ হয়। এ কাজ করে তাঁরা প্রতিদিন গড়ে ২০০ টাকা পান।
একটি সেমাইকলের মালিক হোসেন আলী প্রথম আলোকে বলেন, লাচ্ছা সেমাইয়ের দাপটে চিকন সেমাইয়ের বাজার কিছুটা সংকুচিত হয়েছে। তবে এখনো বগুড়ার এই সেমাইয়ের সুখ্যাতি রয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঘনিয়ে এলেই সারা দেশ থেকে ফরমাশ আসতে শুরু করে। এবারও প্রচুর ফরমাশ এসেছে।
কারিগর ইউনুস আলী বলেন, এবার বাজার ভালো, ময়দার দামও কম। কারখানায় প্রতি কেজি সেমাই ৪২ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর এই সেমাই বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি দরে।