বগুড়ার রপ্তানিমুখী শিল্পে সহায়তা দেওয়ার তাগিদ
বগুড়ায় এক সেমিনারে বক্তারা এখানকার রপ্তানিমুখী শিল্প ও কৃষিপণ্যের ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। তাঁরা বলেন, বগুড়ায় তৈরি ফাউন্ড্রি শিল্পের যন্ত্রাংশ, পাটের বস্তা, ঝুট কাপড়, সাবান, বিছানার চাদর, মশারির কাপড়, প্লাস্টিকের ঝুড়িসহ বিভিন্ন পণ্য ভারত, নেপাল, মালয়েশিয়া, কানাডা প্রভৃতি দেশে রপ্তানি হচ্ছে। এ ছাড়া এখানকার আলু সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যাচ্ছে। বগুড়া চেম্বারের সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার ইপিবির পরিচালক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, বগুড়া চেম্বারের সভাপতি মমতাজ উদ্দিন ও সহসভাপতি শাহ আকতারুজ্জামান, ইপিবির রাজশাহীর কর্মকর্তা নুরুল ইসলাম, বগুড়া ফোরাম অব অ্যাগ্রো মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম আজম, সাধারণ সম্পাদক কামাল মিয়া প্রমুখ।সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও বিমাপ্রতিষ্ঠান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) কর্মকর্তা এবং হালকা প্রকৌশলশিল্পের উৎপাদকেরাও উপস্থিত ছিলেন।সারোয়ার মাহমুদ বলেন, নিত্যনতুন প্রযুক্তি, যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার কৌশল উদ্ভাবনের ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় বাংলাদেশকে পণ্যের বৈচিত্র্যকরণসহ উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় কমানো এবং নতুন বাজার খুঁজে বের করার বিষয়ে জোর দিতে হবে।