বগুড়ার সবজিচাষিরা বিপাকে

সবজি নিয়ে এখন বেশ বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। কারণ ১৮-দলীয় জোটের ডাকা টানা হরতালের কারণে ঠিকমতো যানবাহন না পাওয়ায় তাঁরা মাঠ থেকে শহরে সবজি আনতে পারছেন না। আবার কোনোভাবে আনলেও পাইকারের অভাবে নামমাত্র দামে তাঁরা সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
বগুড়ায় সবজির বড় মোকাম মহাস্থানহাট গতকাল অনেকটাই ফাঁকা দেখা গেছে। কপি, বেগুন, মুলা, করলা, পালংশাক, পেঁয়াজপাতা প্রভৃতি সবজি খুবই অল্প পরিমাণে উঠেছে। বাইরের পাইকার না আসায় বেশ কম দামে এসব সবজি বিক্রি করতে দেখা গেছে।
স্থানীয় পাইকার বাদশা মিয়া বলেন, হরতালের সময়ে সবজিবাহী ট্রাকে হামলা হওয়ায় বাইরের কোনো পাইকার আসছেন না। উদ্দিরগোলা হাটের সবজি বিক্রেতা আবদুল জলিল বলেন, আগে হরতালের মধ্যে সবজি বহনকারী রিকশা ভ্যান বা ট্রাকে বাধা দেওয়া হতো না। এখনকার হরতালে ট্রাক কেন, রিকশা ভ্যানও চলতে দেওয়া হচ্ছে না।
মহাস্থানহাটের আড়তদার জাহিদুল ইসলাম বলেন, হরতালে সবজি কিনে ট্রাকে করে পাঠাতে গেলে তা ভাঙচুর করা হচ্ছে। যে কারণে এখন কেউ ট্রাকে করে সবজি পাঠাচ্ছেন না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা।
কৃষকেরা জানান, হরতাল শুরুর আগের দিন শনিবারে যে ফুলকপি পাইকারি ৯০০ থেকে এক হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে, তা গতকাল বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এ ছাড়া গ্রামের হাটে যে বেগুন ২৫ টাকা কেজিতে বিক্রি হয়, তা পাঁচ কিলোমিটার দূরে শহরে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। একইভাবে আট টাকার ফুলকপি বগুড়া শহরে বিক্রি হচ্ছে ২০ টাকায়।
গতকাল সরেজমিনে বগুড়া সদরের পীরগাছা, পল্লীমঙ্গল, মানিকচক, গোকুল, সাবগ্রাম প্রভৃতি এলাকায় গিয়ে দেখা যায়, অল্পসংখ্যক চাষি জমি থেকে সবজি তুলে শহরে নেওয়ার চেষ্টা করছেন। আর বেশির ভাগ কৃষক মাঠে বা এলাকাতেই কম দামে সবজি বিক্রি করে দিচ্ছেন। চাষি সোনা মিয়া বলেন, কপি বড় হয়ে গেছে। এখনই বিক্রি করতে হবে। ১২ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এতে কোনো লাভ থাকছে না।