বগুড়ার ‘হঠাৎ মার্কেটে’ জমজমাট ঈদ বাজার
বগুড়ায় রেললাইনের পাশে অস্থায়ীভাবে গড়ে ওঠা ‘হঠাৎ মার্কেটে’ জমে উঠেছে ঈদের কেনাকাটা। গরিবের বিপণিকেন্দ্র হিসেবে পরিচিত মার্কেটটিতে এবার স্বল্প আয়ের মানুষের পাশাপাশি নিম্নমধ্যবিত্তরাও ভিড় করছেন।বগুড়া রেলস্টেশনের সামনে এবং শহরের রেলওয়ে হকার্স মার্কেট ঘেঁষে রেললাইনে প্রায় এক-দেড় কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠেছে এই ‘হঠাৎ মার্কেট’। ঈদ সামনে রেখে এখানকার দুই শতাধিক দোকান সাজানো হয়েছে মেয়েদের থ্রি-পিস, সালোয়ার-কামিজ, শাড়ি, ছোটদের জামাকাপড়, শিটকাপড়, শার্ট-প্যান্ট ও পাদুকা। গত বৃহস্পতিবার দুপুরে বিপণিবিতানটি ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটার জন্য আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়। এর মধ্যে অধিকাংশই গ্রাম থেকে আসা নিম্ন আয়ের মানুষ। তবে এঁদের পাশাপাশি শহরের শ্রমজীবী নারী, গৃহিণী এবং তরুণীরাও কেনাকাটা করতে এসেছেন। একাধিক ক্রেতা অভিযোগ করেন, অভিজাত বিপণিকেন্দ্র এবং শপিংমলগুলোতে সব ধরনের পোশাকের দাম এবার বেশি। বাজেটের সঙ্গে দাম না মেলায় বাধ্য হয়ে এখানে কেনাকাটা করতে এসেছেন বলে জানান তাঁরা।খোঁজ নিয়ে জানা যায়, এখানে সুতি শাড়ি ১৫০ থেকে ২০০, মেয়েদের থ্রি-পিস ৫০০ থেকে এক হাজার ২০০, গার্মেন্টসের সালোয়ার-কামিজ ৪০ থেকে ৮০, বাচ্চাদের ফ্রক ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি দোকানে গড়ে প্রতিদিন ১০০ পিস জাকাতের কাপড় বিক্রি হচ্ছে।এখানকার ঈদ বাজারে এবার দোকানিরা ‘চাওয়া দ্বিগুণ, বিক্রি অর্ধেক দামে’ এমন কৌশলে পোশাক বিক্রি করছেন। কিছুক্ষণের মধ্যেই প্রমাণ পাওয়া গেল। বগুড়ার একটি মোটেলের কর্মচারী শাহিন মিয়া ছোট বোনকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন। একটি দোকানে তাঁর বোনের পছন্দের থ্রি-পিসের দাম বিক্রেতা চাইলেন এক হাজার ৪০০ টাকা। অবশ্য দর-কষাকষির পর দোকানি ৭০০ টাকায় দিতে রাজি হলেন।তবে অনেক ক্রেতাই অভিযোগ করেন এই বিপণিবিতানেও পোশাকের দাম চড়া। গরিবের বিপণিবিতান হলেও ধীরে ধীরে তা বড়লোকদের দখলে চলে যাচ্ছে। অবশ্য আবদুল মোমেন নামের এক বিক্রেতা বলেন, ‘এখানে এক দামে কিছুই বিক্রি হয় না। ক্রেতারা দর-কষাকষি করেন। এ জন্য দাম চাওয়া হয় দ্বিগুণ। আর বিক্রি করা হয় হাফ দামে।’বিক্রেতা জনি মিয়া বলেন, ‘বিশ্বমন্দা ও ডলারের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে এবার ঈদ মার্কেটে। মেয়েদের থ্রি-পিস গত বছর ৪০০ টাকায় বিক্রি হলেও এবার দাম বেড়ে হয়েছে ৮০০ টাকা।’কামাল হোসেন নামের এক শাড়িবিক্রেতা বলেন, অভিজাত মার্কেটে যে শাড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায় তা এখানে ক্রেতারা কিনতে পারছেন মাত্র ২০০ থেকে ২৫০ টাকায়।নারুলীর রিকশাচালক গোলজার মিয়া বলেন, ‘ঈদত কিনাকাটা করার সম্বল হামাগেরে নাই। মেয়েডা বায়না ধরিচে, লতুন জামা লিবি। এ জন্য গরিবের মার্কেটত আচ্চি জামা কিনবার। কিন্তু দামে হাত দিবার পারিচ্চিনা। এটি অ্যাসপার পর মনত হলো এডাও বড়লোকের দখলে।’ছোটদের পোশাকবিক্রেতা সাইফুল ইসলাম বলেন, এবার ঈদে ছোট মেয়েদের ‘ঝিলিক’ জামা বিক্রি হচ্ছে বেশি। এ জামার দাম ১৫০ থেকে ২৫০ টাকা।