আগামী অক্টোবর মাসে বগুড়ায় নতুন কর অঞ্চল প্রতিষ্ঠা করে এর কার্যালয় স্থাপনসহ কার্যক্রম শুরু করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার করদাতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।রাজশাহী কর অঞ্চলের কমিশনার রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এনবিআরের সদস্য (প্রশাসন ও পরিচালন) সৈয়দ মো. আমিনুল করিম, সদস্য (আয়করনীতি) আমিনুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বগুড়ার জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান, বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়ার উপকরকমিশনার আবদুস সালাম, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, কর আইনজীবী আবদুল হামিদ প্রমুখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় করদাতা বক্তারা বলেন, কর নিয়ে মানুষের মধ্যে যে ভীতি রয়েছে তা দূর করতে হবে। কর বিভাগের মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাও দূর করতে হবে। নাসির উদ্দিন আহমেদ জানান, বগুড়ার মতো জায়গায় তুলনামূলকভাবে কম পরিমাণে কর পাওয়া গেছে। মাত্র ৩৭ কোটি টাকা কর দিয়েছেন বগুড়ার করদাতারা।