বগুড়ায় আইপিডিসি ফাইন্যান্সের যাত্রা শুরু

‘জাগো উচ্ছ্বাসে’ স্লোগানে বগুড়ায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড গ্রাহকসেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মালতিনগরের ডিসি বাংলো সড়কের বগুড়া কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে উত্তরের জেলা বগুড়া এবং পার্শ্ববর্তী এলাকার গ্রাহকেরা শহরের শেরপুর সড়কের অ্যামিকাস সেন্টারে যাত্রা শুরু করা আইপিডিসির শাখা অফিস থেকে আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাছুদুর রহমান, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক এ এফ এম বরকতউল্লাহ।
মমিনুল ইসলাম অনুষ্ঠানে বলেন, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড থেকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড নামে পরিবর্তিত হয়েছে। এটি দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮১ সাল থেকে সেবা প্রদান করছে। ২০১৭ সালে গ্রাহকসেবার পরিধি বিস্তৃত করতে বগুড়া ছাড়াও সারা দেশে আরও নয়টি শাখা উদ্বোধন করা হয়েছে। বগুড়ার এই শাখা থেকে তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা ছাড়াও বঞ্চিত এলাকার সব ধরনের মানুষ আর্থিক সেবা নিতে পারবেন।