বগুড়ায় আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ)চত্বরে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা কৃষকসহ সংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও সাতটি দেশ অংশ নিয়েছে।মেলায় দেশ-বিদেশের ৬০টি প্রতিষ্ঠান ১৬০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্রপাতি প্রদর্শন করে। গত বৃহস্পতিবার শুরু হয়।তবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেলাটির উদ্বোধন করেন।এই মেলায় প্রদর্শিত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেখতে প্রতিদিনই বগুড়াসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে চাষিরা ছুটে আসেন। তাঁরা আধুনিক যন্ত্রপাতি দেখে মুগ্ধ হন। কৃষকেরা, বিশেষ করে, ধান রোপণ, কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দী করার যন্ত্র দেখে অভিভূত হন। মেলায় নাটোর মাছের খাদ্য ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, নতুন ধান কেটে প্যাকেটজাত করার মেশিন কিনতে এসেছেন তিনি। শেরপুর টাউন কলোনির নজরুল ইসলাম বলেন, ধান কাটা, মাড়াই ও রোপণ করার বিদেশি যন্ত্র এবং বগুড়ায় তৈরি ডিমের বাচ্চা ফোটানোর যন্ত্র দেখে তাঁর ভালো লেগেছে।বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক কৃষিবিজ্ঞানী এ কে এম জাকারিয়া বলেন, ভবিষ্যতে এ ধরনের মেলার পরিধি আরও বাড়ানো হবে।