বগুড়ায় আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা শেষ হয়েছে
দর্শনার্থীদের ব্যাপক সমাগমের মধ্য দিয়ে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) উচ্চবিদ্যালয় মাঠে শেষ হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা-২০১২।আরডিএ ও ভারতীয় প্রতিষ্ঠান লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করে। এতে স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশ অংশ নেয়। অন্য দেশগুলো হলো: ভিয়েতনাম, ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড ও সুইজারল্যান্ড।এবারের মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো ১৮৯টি স্টলে কৃষি, বৈদ্যুতিক, প্লাস্টিক ও খাদ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি যন্ত্রপাতি, কৃষিপণ্য ও বীজ, সেচ ও পানির পাম্প, সৌর বিদ্যুৎ ও বায়োগ্যাস প্রযুক্তি এবং গ্যাস ও ডিজেলচালিত জেনারেটর ইত্যাদি প্রদর্শন করে।গতকাল রোববার মেলার সমাপনী অনুষ্ঠানে ‘সেরা স্টল’ ও ‘সেরা উদ্যোক্তা’ পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আবদুল মতিন।আরডিএর উপপরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভাবিত সর্বাধুনিক কৃষিপ্রযুক্তি, যন্ত্রপাতি ও পণ্য দেশের কৃষকদের সামনে তুলে ধরা এবং এগুলো সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য, যাতে দেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে।