বগুড়ায় আলুর দাম পড়ে যাওয়ায় চাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আলু নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার চাষিরা। কারণ, হাটবাজারে যেমন ভালো দাম পাওয়া যাচ্ছে না, তেমনি হিমাগারের ভাড়া বেড়ে যাওয়ায় তাঁরা আলু সংরক্ষণ করে লোকসানের ঝুঁকি নিতে চাইছেন না।সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর ভালো দাম পাওয়ায় এবার বগুড়ার চাষিরা লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলু চাষ করেছেন। ফলনও হয়েছে প্রচুর। হাটবাজারে আমদানিও হচ্ছে অনেক। কিন্তু ক্রেতা কম থাকায় দামও বেশ পড়ে গেছে। এতে চাষিরা হতাশায় ভুগছেন। এর ওপর হিমাগারগুলো এ বছর বস্তাপ্রতি (৮৫ কেজি) ভাড়া ৫০ টাকা বাড়িয়ে ৩৫০ টাকা করায় চাষিরা আলু সংরক্ষণেও আগ্রহী নন বলে জানান।গত শনিবার মহাস্থানসহ বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা গেছে, চাষিরা বিভিন্ন জাতের প্রচুর পরিমাণ আলু নিয়ে এসেছেন। এর মধ্যে শুধু পাকরি জাতের (লাল) আলুর দাম তুলনামূলকভাবে একটু বেশি। এই আলু প্রতি মণ ৩৭০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাটবাজার ভেদে প্রতি মণ সাদা জাতের গ্যানুলা আলু ১৭০ টাকা (লম্বা আকারের) ও ১৫০ টাকা (গোল) এবং হল্যান্ড নামে খ্যাত কার্ডিনাল জাতের আলু ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব আলু গত বছর এই সময়ে বিক্রি হয় ৩৫০ থেকে ৪৫০ টাকা মণ দরে।মহাস্থান হাটে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকার চাষি মনছের আলী জানান, এ বছর তিনি চার বিঘা জমিতে আলু চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘা জমিতে গ্যানুলা জাতের সাদা আলুর চাষে ৩০ হাজার টাকা খরচ করেছেন। ফলন ভালো হলেও দাম কম হওয়ায় এই আলু বিক্রি করে পেয়েছেন ২৫ হাজার টাকা। অবশ্য বাকি দুই বিঘা জমির লাল আলু ৩৮০ টাকা মণ দরে বিক্রি করে কোনো রকমে পুঁজি তুলতে পেরেছেন বলে জানান। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম বজলুর রশিদ প্রথম আলোকে জানান, এ বছর আলুর ভালো ফলন হয়েছে। কিন্তু গত বছরের তুলনায় বাজারে দাম কম হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন।