বগুড়ায় ঈদবাজার জমজমাট

ফুটপাত থেকে বিপণিবিতান, গলি থেকে মূল সড়কের দোকান—সবখানেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ ঘনিয়ে আসায় পাল্লা দিয়ে বাড়ছে বেচাবিক্রি। সকাল থেকে রাত পর্যন্ত সমান ব্যস্ততা। ক্রেতাদের ভিড়ে দম ফেলারই যেন ফুরসত নেই বিক্রয়কর্মীদের। বগুড়ায় ঈদবাজারের চিত্র এটি।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির কারণে অন্যবারের চেয়ে এবার ঈদবাজারে ক্রেতার ভিড় ও বেচাকেনা উভয়ই বেশ জমজমাট বলে জানালেন এখানকার ব্যবসায়ীরা।
শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলার শহীদ আবদুল জোব্বার সড়ক, রোমেনা আফাজ সড়ক, পৌরসভা লেন, কালীবাড়ি মোড়, নুর মসজিদ লেনে প্রায় আড়াই শ ফ্যাশন হাউস ও বিপণিবিতান রয়েছে। গত সোমবার রাতে সরেজমিনে দেখা যায় ফ্যাশন হাউসগুলোতে বিভিন্ন বয়সী ক্রেতাদের ভিড়। এ ছাড়া নিউমার্কেটে গিয়েও একই অবস্থা দেখা গেল।
জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী বলেন, এবারের ঈদ সামনে রেখে ব্যবসা বেশ ভালো হচ্ছে। বেচাকেনাও অন্যবারের চেয়ে ভালো।
রোমেনা আফাজ সড়কের কাশবন ফ্যাশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক কে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারত, পাকিস্তান ও চীন থেকে আনা জর্জেট ও সুতি কাপড়ের ফ্লোর টাচ টপস, শর্ট টপস, লেহেঙ্গা ও থ্রি-পিস ভালো বিক্রি হচ্ছে। জর্জেটের থ্রি-পিস ১ হাজার ৫০০ থেকে ১২ হাজার টাকা, লেহেঙ্গা ৪ হাজার থেকে ১৪ হাজার, টপস ১ হাজার থেকে ৪ হাজার, জামদানি শাড়ি ৫ হাজার থেকে ৬ হাজার ও ছেলেদের পাঞ্জাবি ১ হাজার ৫০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।’
ঈদবাজার জমে উঠেছে ইনফিনিটি এক্সপ্রেস, লুবনান, রঙ্গন, ফড়িং, স্টাইল ট্রেন্ড, ক্যাকটাস, ঠিকানা, সুকন্যা, ইজি, চৌকাঠ, শ্রুতিধারা, দর্জিবাড়ি, শৈশব, সুতি সম্ভার, মার্চেন্ট, জেন্টল পার্কের ফ্যাশন হাউসের বিক্রয়কেন্দ্রে।
নিউমার্কেটের রনি ক্লথ স্টোরের বিক্রয়কর্মী রেজা বলেন, এবারের ঈদবাজারে ভারত ও পাকিস্তানি থ্রি-পিসের পাশাপাশি ভারতীয় সিল্কের টপস গঙ্গা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
রোমেনা আফাজ সড়কের ফড়িং ফ্যাশন হাউসের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, তাঁদের ওখানে মেয়েদের থ্রি-পিস ১ হাজার থেকে সাড়ে ৫ হাজার, শাড়ি ৮০০ থেকে ৬ হাজার, পাঞ্জাবি ৮০০ থেকে সাড়ে ৫ হাজার এবং ছোটদের পোশাক ১৫০ থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ইনফিনিটি এক্সপ্রেসে ভারতীয় থ্রি-পিস ২ হাজার ৮০০ থেকে ৮ হাজার ২০০, পাকিস্তানি সুতি থ্রি-পিস ৫ হাজার থেকে ৫ হাজার ২০০ এবং গঙ্গা টপস ২ হাজার ৭৫০ থেকে ৫ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক তারেক বিন হাসান বলেন, রাতদিন সমান তালে বেচাকেনা হচ্ছে।
দর্জিবাড়িতে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিভিন্ন নকশার পাঞ্জাবি এবং ১ হাজার ১৫৫ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিভিন্ন রঙের ও ডিজাইনের শার্ট বিক্রি হচ্ছে।
পোশাকের পাশাপাশি জুতা ও গয়নার দোকানে ভিড় করছেন ক্রেতারা। সরেজমিনে জলেশ্বরীতলা ডায়মন্ড ওয়ার্ল্ডে উপচে পড়া ভিড় দেখা গেল নারীদের। টাচ অ্যান্ড টেকে কসমেটিকস ও পারফিউম কিনতে ভিড় করছেন ক্রেতারা।