বগুড়ায় জাল নোট শনাক্তকরণের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদরসহ বিভিন্ন উপজেলায় কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন বা যন্ত্র বসানো শুরু হয়েছে। পাশাপাশি মাইকিং করে পশুর ক্রেতা-বিক্রেতাদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে।জাল নোট প্রতিরোধে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকের পর এ কার্যক্রম হাতে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহা. নিজামউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও প্রশাসনের কর্মকর্তারা যোগ দেন। ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপকেরা ইতিমধ্যে হাটগুলো ভাগ করে নিয়ে জাল নোট শনাক্তকরণ যন্ত্র বসাতে শুরু করেছেন।ঢাকায় গত রোববার ১০ কোটি টাকার জাল নোট উদ্ধারের পর বগুড়ার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ, প্রায় প্রতিবছরই কোরবানির ঈদের সময় বগুড়ায় কোরবানির পশুর হাটগুলোতে জাল নোটের কারবারিরা সক্রিয় হয়ে ওঠে।বগুড়ার ব্যবসায়ী শাহরিয়ার হোসেন বলেন, ‘জাল নোটের ভয়ে আমরা আতঙ্কিত। টাকা নেওয়ার সময় সাবধানে নিতে হচ্ছে।’গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের গরুর ব্যাপারি ফটু মিয়া বলেন, ‘আমরা তো চিনি না, কোনটা জাল নোট। মেশিন থাকলে সেখানে শনাক্ত করা যাবে।’মোহা. নিজামউদ্দিন জানান, বগুড়ার বড় হাটগুলোতে বৃহস্পতিবার (আজ) থেকে নিয়মিত জাল নোট শনাক্তকরণ যন্ত্র বসানো থাকবে।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, জাল নোটের কারবারিদের ধরতে পুলিশ বিভিন্নভাবে কাজ করছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশও (ডিবি) মাঠে রয়েছে।