বগুড়ায় ধানের দাম পড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আমন ধানের ভালো দাম পেয়ে বগুড়ার কৃষকদের মুখে হাসি ফুটতে শুরু করলেও অবরোধের কারণে তা আর নেই। হাটবাজারে ধানের দাম মণপ্রতি ৫০ থেকে ৮০ টাকা কমে যাওয়ায় কৃষকেরা যেমন হতাশ হয়ে পড়েছেন, তেমনি বিভিন্ন জায়গায় সরবরাহ করতে না পারায় ব্যবসায়ী-আড়তদারেরাও লোকসানের শঙ্কায় আছেন।
শুরুর দিকে যেখানে প্রতি মণ নতুন আমন সাত শ টাকার ওপরে বিক্রি হয়েছে, তা ইতিমধ্যে বাজারভেদে ৬৫০ থেকে ৬৬০ টাকায় নেমে এসেছে। রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকলে দাম আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
একইভাবে বগুড়ার ধান-চাল ব্যবসায়ীরাও হতাশ হয়ে পড়েছেন। কারণ ১৮-দলীয় জোটের অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির মুখে তাঁরা ধান-চাল মোকামে পাঠাতে পারছেন না। একদিকে ধান-চাল পাঠানোর জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না, অন্যদিকে ট্রাক পেলেও ভাড়া অনেক বেশি। যে কারণে ধান-চালের মজুত বেড়ে যাচ্ছে।
সরেজমিনে বগুড়ার দুপুচাঁচিয়া, কাহালু, সদরের ঘোড়াধাপ ও শিবগঞ্জ এলাকার হাটগুলোতে ঘুরে দেখা গেছে, সর্বত্রই প্রচুর পরিমাণ ধান উঠছে। ব্যবসায়ীরাও কিনে চাতালে নিয়ে যাচ্ছেন। তবে দাম আগের চেয়ে কম। প্রতি মণ স্বর্ণা ধান ৭০০ টাকায় ও মোটা ধান ৬৬০ টাকা দরে বিক্রি হয়েছে। অথচ এক সপ্তাহ আগেও এই ধান বিক্রি হয়েছে যথাক্রমে ৭৫০-৭৬০ টাকা ও ৭১০ টাকায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রশিদ বলেন, রাজনৈতিক অস্থিতরতার কারণেই ধানের দাম গত কয়েক দিনে কমেছে।