বগুড়ায় পাটের ফলন ও দাম নিয়ে এবারে কৃষকেরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার হাটবাজারগুলোয় নতুন পাট উঠতে শুরু করেছে। তবে এবারে ফলন যেমন কম হয়েছে, তেমনি ন্যায্য দামও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পাটচাষিরা। সে জন্য তাঁরা সরকারিভাবে পাট কেনার দাবি করেছেন।স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে বগুড়া জেলায় প্রায় সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় দুই হাজার ৬০০ হেক্টর কম। গত বছরে বগুড়ায় মোট ২০ হাজার ৬২ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। এই জেলার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট ও গাবতলী উপজেলায় পাটের চাষ সবচেয়ে বেশি হয়।কৃষকেরা জানান, সময়মতো বৃষ্টি না হওয়ায় এবারে পাটগাছ তেমন বাড়েনি, যে কারণে ফলন কম হয়েছে। বিঘাপ্রতি পাট উৎপাদন হয়েছে পাঁচ থেকে ছয় মণ। অথচ জমিতে পাট বোনা থেকে শুরু করে পরিচর্যা, নিড়ানি, কাটা, ধোয়া, আঁশ ছড়ানো, পরিবহনসহ সব খরচই বেড়েছে। সেই তুলনায় দাম না পাওয়ায় কৃষকেরা হতাশা ব্যক্ত করেন।সম্প্রতি বগুড়ার সবচেয়ে বড় পাটের হাট সারিয়াকান্দিতে গেলে সেখানকার কৃষক ও পাট ব্যবসায়ীরা জানান, সেখানে গত বছরে ঠিক এই সময়ে প্রতি মণ নতুন পাটের দাম ছিল এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা। অথচ এবার তা বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকা দরে। এতে কোনোমতে খরচের টাকা উঠলেও লাভ থাকছে না বলে জানান কৃষকেরা।গত বছরে পাটের দাম কমে ৯০০ টাকায় নেমে গিয়েছিল। সে হিসাবে সারিয়াকান্দির নারচি গ্রামের কৃষক সোলেমান আলী বলেন, ‘গত বছর পাট বেচে লোকসান দিছি। এবারও যে দামে পাট বিক্রি হচ্ছে তাতে লোকসান খাওয়া লাগবি।’কুতুবপুর এলাকার কৃষক সাইদুল ইসলাম দাবি করেন, প্রতি মণ পাটের দাম কমপক্ষে দুই হাজার টাকা হওয়া দরকার। একই এলাকার কৃষক জয়নাল আবেদীন জানান, পাটের ন্যায্য দাম না পেলে কৃষকেরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন।এদিকে পাটের পুরো মৌসুম শুরু হলে দাম সন্তোষজনক হারে বাড়তে পারে বলে আশার কথা শোনান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক বজলুর রশীদ।