বগুড়ায় বিদ্যুৎ মিলছে না উৎপাদনে ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না। বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের (পিডিবি) বগুড়া সঞ্চালন কেন্দ্র থেকে তিন জেলায় বিদ্যুতের চাহিদা ১৯০ মেগাওয়াট। কয়েকটি উৎপাদন কেন্দ্রে বিপর্যয়ের কারণে এক সপ্তাহ ধরে গড়ে বিদ্যুৎ সরবরাহ মিলছে ৯০ থেকে ১০০ মেগাওয়াট। চাহিদার অর্ধেক বিদ্যুৎ ঘাটতির কারণে শহর-গ্রামের গ্রাহকেরা বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছেন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা চলছে বিদ্যুতের লোডশেডিং। সন্ধ্যারাতে শহরজুড়ে নেমে আসছে ঘুটঘুটে অন্ধকার। লোডশেডিং রাতেও।

প্রচণ্ড গরম ও বিদ্যুতের বিরামহীন লোডশেডিংয়ে কলকারখানায় উৎপাদনে একধরনের বিপর্যয় নেমে এসেছে। হিমাগারে রাখা কয়েক লাখ টন আলুর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন চাষিরা।

এদিকে রমজানের আগেই লোডশেডিং বন্ধের দাবিতে বগুড়া শহরের সাতমাথায় গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (আম্বিয়া-বাদল সমর্থিত) বগুড়া জেলা শাখা।

শহরের নিউমার্কেটের ব্যবসায়ী ফরকানুজ্জামান বলেন, এক সপ্তাহ ধরে দিনে-রাতে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। দিনের বেলা বিরামহীন লোডশেডিং। সন্ধ্যাতেও বিদ্যুৎ মিলছে না। বিদ্যুতের এ পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ঈদের বেচাবিক্রির আশায় ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করেন। রোজার প্রথম দিন থেকেই শুরু হয় ঈদবাজারের প্রস্তুতি। রোজার আগেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হবে।

জলেশ্বরীতলা আবাসিক এলাকার গ্রাহক জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, সন্ধ্যায় ও রাতে আবাসিক এলাকায় ভয়াবহ লোডশেডিংয়ে প্রাণ ওষ্ঠাগতপ্রায়।

 বগুড়া চেম্বারের সাবেক সহসভাপতি ও শাহ সুলতান গ্রুপের চেয়ারম্যান আবদুল গফুর বলেন, বিদ্যুৎ বিপর্যয়ে জেলায় দুই ডজন জুটমিলসহ শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, লোডশেডিংয়ের কবলে পড়েছে শাহ সুলতান গ্রুপের চারটি হিমাগারসহ জেলার ৩০-৩২টি হিমাগার। লোডশেডিংয়ের কারণে হিমাগারে আলু সংরক্ষণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আলুর পচন ঠেকাতে দিনরাত জেনারেটর চালিয়ে হিমাগারের মেশিন চালু রাখতে হচ্ছে। এতে লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।

বগুড়া জেলা পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন বলেন, ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে জেলার সাড়ে পাঁচ হাজার পোলট্রি খামার ও বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি। গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিংয়ের কারণে হিট স্ট্রোকে ব্রয়লার ও সোনালি জাতের খামারে মুরগি মরে যাচ্ছে। ডিম ও বাচ্চা উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।

পিডিবির বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রশিদ বলেন, বগুড়া সঞ্চালন কেন্দ্রের আওতাধীন বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় বিদ্যুতের চাহিদা ১৯০ মেগাওয়াট। এর মধ্যে বগুড়ায় ১৪৫, জয়পুরহাটে ১৫ এবং নওগাঁ জেলায় বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াট। অথচ বর্তমানে সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ মিলছে গড়ে চাহিদার ৫০ শতাংশ।  বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ, বেড়ার বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ৫০ শতাংশ এবং নরসিংদীতে পিজিসিবির সঞ্চালন লাইনের টাওয়ার ঝড়ে ভেঙে যাওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি সংকটের মুখে পড়েছে।