বগুড়ায় লাগামহীন এলপিজি সিলিন্ডারের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে বেসরকারি কোম্পানির এলপিজি গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডারপ্রতি গড়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। ছবিটি সম্প্রতি বগুড়া শহরের কলোনি এলাকা থেকে তোলা l প্রথম আলো
বগুড়ায় হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে বেসরকারি কোম্পানির এলপিজি গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডারপ্রতি গড়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। ছবিটি সম্প্রতি বগুড়া শহরের কলোনি এলাকা থেকে তোলা l প্রথম আলো

বগুড়ায় পাল্লা দিয়ে বাড়ছে রান্নার কাজে ব্যবহৃত বোতলজাত এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম। এক মাসের ব্যবধানে বেসরকারি কোম্পানির এলপিজি গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি গড়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক সিলিন্ডার গ্যাসের সরকারি মূল্য ৬৭৮ টাকা হলেও ডিলাররা গড়ে তা ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি করছেন।
ডিলারদের দাবি, ২০১৬ সালের ২০ আগস্ট সিলিন্ডার বিস্ফোরণের পর বগুড়া ডিপো থেকে গ্যাস সরবরাহ বন্ধ ঘোষণা করে বিপিসি। এখন উত্তরাঞ্চলের ৭৫০ জন ডিলারের কাছে সীমিত পরিমাণ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে। এতে পরিবহন খরচ বেড়ে গেছে। তা ছাড়া বিপিসির সরকারি গ্যাস সিলিন্ডার অনেক পুরোনো হওয়ায় ভালভ নষ্ট হয়ে মুখ দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে। আবার চাহিদা অনুযায়ী সরকারি সিলিন্ডারের বরাদ্দও মিলছে না। এসব কারণে অনেক ডিলার বিপিসির সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছেন। এ সুযোগে বেসরকারি কোম্পানিগুলো ঈদুল আজহার পর এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বগুড়া শহরের দত্তবাড়ি ও কালীতলা এলাকাতেই এলপিজি সিলিন্ডার বাজারজাতকারী প্রায় ২০টি ডিলারের দোকান রয়েছে। গত মঙ্গলবার সরেজমিনে ওই এলাকায় গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস আগেও বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির সরকারি এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে গড়ে ৮০০ টাকায়। এখন সরকারি সিলিন্ডার গ্যাস ৯৫০ টাকায়ও মিলছে না। অন্যদিকে বেসরকারি যমুনা (যমুনা স্পেসটেক লিমিটেড), ওমেরা, ক্লিনহিট, টোটাল গ্যাস কোম্পানির সিলিন্ডার গ্যাসের দাম এক মাস আগেও ছিল গড়ে ৮৫০ থেকে ৯০০ টাকা। এখন তা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
দত্তবাড়ি এলাকার রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে বেসরকারি এক কোম্পানির সিলিন্ডার গ্যাস কিনে বাসায় ফিরছিলেন উপশহর এলাকার গৃহিণী শাহিনা জেসমিন। তিনি বলেন, ‘এক মাস আগেও ১২ কেজি ওজনের এই গ্যাস সিলিন্ডার কিনেছি ৯০০ টাকায়। এখন তা ২০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।’ শাহানা জেসমিন প্রশ্ন তোলেন, ‘এভাবে কিছুদিন পরপর গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে সংসারের খরচ কুলাব কীভাবে?’
রবিউল ট্রেডার্সের ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, বোতলজাত সিলিন্ডার গ্যাস বাজারজাতকারী বেসরকারি সব কোম্পানি সিলিন্ডারপ্রতি দাম ৩০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
দত্তবাড়ি এলাকার মেসার্স হালিম ট্রেডার্সে ওমেরা গ্যাস কিনতে এসেছিলেন গোদারপাড়া এলাকার বাসিন্দা মজিবর রহমান। ওমেরা সিলিন্ডারের দাম কত? জিজ্ঞাসা করতেই দোকানের ব্যবস্থাপক বললেন, বসুন্ধরা ছাড়া সব সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ১০০ টাকা। দোকানি আরও বলেন, ‘কদিন আগেও ৮৫০ টাকায় এ গ্যাস কিনলাম। কোনো ঘোষণা ছাড়াই এখন ইচ্ছেমতো দাম নিচ্ছে কোম্পানিগুলো।’
মেসার্স হালিম ট্রেডার্সের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, বিপিসির কাছে চাহিদা মাসে তিন হাজার সিলিন্ডার। সেখানে বরাদ্দ মিলছে মাত্র ৩০টি। তাও উত্তোলন করতে হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট থেকে। ওই সামান্য সিলিন্ডার বগুড়া পর্যন্ত আনতে গাড়িও পাঠানো যায় না। বিকল্প উপায়ে আনতে গিয়ে খরচ বেশি পড়ে।
রাজশাহী বিভাগীয় এলপিজি গ্যাস পরিবেশক সমিতির সহসভাপতি শেখ মোহাম্মদ আবদুল হালিম প্রথম আলোকে বলেন, বেসরকারি কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ানোর কারণে ভোক্তাদের কাছে বেশি দামে তা বিক্রি করতে হচ্ছে।
রাজশাহী বিভাগীয় এলপিজি পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, গত বছরের ২০ আগস্ট সিলিন্ডার বিস্ফোরণের অজুহাতে বিনা কারণে বগুড়া ডিপো বন্ধ ঘোষণা করেছে বিপিসি। এখন উত্তরাঞ্চলের ৭৫০ জন ডিলারকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে ত্রুটিপূর্ণ সিলিন্ডারে সীমিত পরিমাণ গ্যাস সরবরাহ নিতে বাধ্য করা হচ্ছে। এতে পরিবহন খরচ দ্বিগুণ বৃদ্ধির সঙ্গে দালালদের দৌরাত্ম্যে অসহায় ডিলাররা। তা ছাড়া পুরোনো ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বাতিল না হওয়ায় অনেক সিলিন্ডারের ভালভ নষ্ট হয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে। এতে বিপিসির সিলিন্ডার গ্যাস বিক্রি করে ডিলারদের লোকসান গুনতে হচ্ছে।
রাজশাহী বিভাগীয় এলপিজি গ্যাস পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসানুল রশিদ বলেন, বগুড়া আঞ্চলিক ডিপো থেকে এত দিন উত্তরাঞ্চলের ১৪ জেলায় সিলিন্ডার গ্যাস সরবরাহ হতো। গত বছর বগুড়ায় বিপিসির ডিপোতে বিস্ফোরণের পর থেকে উত্তরাঞ্চলে এলপিজি ব্যবসার নিয়ন্ত্রণ চলে যায় বেসরকারি কোম্পানির হাতে। এ সুযোগে কোম্পানিগুলো ইচ্ছেমতো সিলিন্ডার গ্যাসের দাম বাড়াচ্ছে।