বগুড়ায় লাচ্ছা সেমাইয়ের কারখানাগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা
ঈদের বাজার ধরতে বগুড়ার অভিজাত লাচ্ছা ও চিকন সেমাইয়ের কারখানাগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। নামীদামি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শহর-বন্দর ও হাটবাজারে গড়ে ওঠা কারখানাগুলোতেও সেমাই তৈরির ধুম পড়েছে। এবার বগুড়ায় প্রায় ৫০ কোটি টাকার সেমাই উৎপাদন হতে পারে। এই ব্যবসায় জড়িত ব্যক্তিদের সঙ্গে আলাপ করে এমন ধারণা পাওয়া যায়।সরেজমিনে দেখা যায়, লাচ্ছা ও চিকন সেমাইয়ের কারখানাগুলোতে কারিগর ও শ্রমিকেরা দিনরাত ময়দার খামির তৈরি, ডালডায় বল করা, রিং বানানো, রিং দুই ধাপে টানা দেওয়া, গুটি করা ও গুটি চাপ দিয়ে রুটির আদলে ছড়ানো, সেমাই তেলে ভাজা, খাঁচায় সাজানো ও প্যাকেটজাত করার কাজে ভীষণ ব্যস্ত রয়েছেন। ‘এশিয়া লাচ্ছা’ কারখানার প্রধান কারিগর ইকবাল হোসেন জানান, ভারত ভাগেরও আগে থেকে বগুড়ায় লাচ্ছা সেমাই তৈরি শুরু হয়। তাঁর বাবা প্রয়াত আবদুল জাব্বার ভারত থেকে সেমাই তৈরি শিখে এসে তৎকালীন ক্যালকাটা বেকারিতে ঈদ মৌসুমে সীমিত পরিসরে লাচ্ছা বানাতেন। স্বাধীনতা-পরবর্তীকালে বগুড়ার প্রসিদ্ধ ‘আকবরিয়া লাচ্ছা’ বানানো শুরু করেন আরেক কারিগর আবদুল কুদ্দুস। যা পরে আরও বিকশিত হয়। বর্তমানে ঈদ মৌসুমে গোটা বগুড়া জেলায় প্রায় ১০ হাজার কারিগর সেমাই তৈরির কাজ করেন। এশিয়া সুইটমিটের পরিচালক নুরুল বাশার চন্দন প্রথম আলোকে জানান, ‘লাচ্ছার গুণগত মান, প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে তাঁদের কারখানায় এবার দৈনিক মাত্র ৫০০ থেকে ৭০০ কেজি লাচ্ছা উৎপাদন করা হচ্ছে। তাঁরা ডালডায় ভাজা প্রতি কেজি লাচ্ছা ১৫০ ও ঘিয়ে ভাজা লাচ্ছা ৩০০ টাকা দরে বিক্রি করছেন।কারিগর আবদুস সোবহান বলেন, লাচ্ছার মান ঠিক রাখতে এ কারখানায় এক কেজি ময়দায় ১৬ কেজি ডালডা এবং ৩২ কেজি সয়াবিন ব্যবহার করা হচ্ছে। আকবরিয়া লাচ্ছা সেমাই বাজারজাতকারী আকবরিয়া হোটেল অ্যান্ড কনফেকশনারির ব্যবস্থাপক মাহমুদ হোসেন বলেন, আকবরিয়ার স্পেশাল লাচ্ছা এবার প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। চিকন সেমাই প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।