বগুড়ায় সবজিচাষিদের মাথায় হাত

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে বগুড়ার পাইকারি সবজির বাজার মহাস্থান হাটে প্রতি মণ বেগুন বিক্রি হয়েছে ১০০ টাকায়। অথচ সেপ্টেম্বর মাসেও প্রতি মণ বেগুনের পাইকারি দাম ছিল ৭০০ টাকা। এভাবেই মাথায় হাত মহাস্থান হাটের পাইকারি সবজিবিক্রেতা মিটুর।
শুধু মিটু নন, টানা হরতাল-অবরোধ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধাওয়াকান্দি গ্রামের পিন্টু, কোয়ালিপাড়ার রিয়াজ, মোকামতলার কামাল পাশাসহ এই অঞ্চলের সবজিচাষিদের চোখে জল ঝরাচ্ছে। কারণ, বহু শ্রম ও অর্থে ফলানো সবজির উৎপাদন মূল্য পাচ্ছেন না গ্রামের এসব খেটে খাওয়া চাষি।
পিন্টু, রিয়াজ, কামাল পাশাদের মাথায় রাজনীতির জটিল কোনো হিসাব-নিকাশ নেই। তাঁদের শুধু একটাই প্রশ্ন, কবে থেকে যান চলাচল স্বাভাবিক হবে? যান চলাচল স্বাভাবিক হলেই মহাস্থান হাটের পাইকারি সবজির বাজারটি আবারও জমজমাট হয়ে উঠবে বলে তাঁদের বিশ্বাস। আর তাতে কপালের চিন্তারেখার পরিবর্তে এসব চাষির মুখে হাসি ফিরবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের এক দিন পর গত মঙ্গলবার বগুড়ার মহাস্থান হাটে গিয়ে কথা হয় সবজিচাষি, পাইকারি বিক্রেতা ও আড়তদারদের সঙ্গে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাঁধে ও ভ্যানে করে সবজি নিয়ে মহাস্থান হাটে হাজির হন চাষিরা। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে চাষিরা এসব সবজি নিয়ে আসেন বিক্রির জন্য। স্বাভাবিক সময়ে ওই বাজারে পাইকারি ক্রেতার কোনো অভাব হয় না। অনেক ক্ষেত্রে মাঠে থাকতেই বিক্রি হয়ে যায় উৎপাদিত সবজি। কিন্তু এখন বাজারে আনার পরও ঘণ্টার পর ঘণ্টা ক্রেতার অপেক্ষায় থাকতে হচ্ছে বিক্রেতাদের।
মহাস্থান হাটের একাধিক পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক সবজি ওই বাজার থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। সেখানে টানা হরতাল-অবরোধের কারণে দু-এক দিন পরপরই চার-পাঁচ ট্রাক সবজি যাচ্ছে। এ জন্য স্বাভাবিক সময়ের চেয়ে ট্রাক ভাড়া দু-তিন গুণ বেশি গুনতে হচ্ছে। এতে করে পণ্যের পরিবহন খরচ বেড়ে যাচ্ছে অনেক। যদিও তার কোনো সুফল চাষিরা পাচ্ছেন না।
পাইকারি বিক্রেতারা জানান, গতকাল শনিবার মহাস্থান বাজারে প্রতি মণ ফুলকপি ২৫০ টাকা, লাল আলু ৩৮০, বেগুন ২৪০, শিম ১৫০, কাঁচা মরিচ ৬৩০, মুলা ৪০ টাকা মণ বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি পিস বাঁধাকপি বিক্রি হয়েছে তিন থেকে পাঁচ টাকায়। অথচ রাজধানীর একাধিক কাঁচাবাজারে শুক্রবার প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ২০ থেকে ৪০, নতুন আলু ২০, কাঁচা মরিচ ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে।
বগুড়া জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় প্রায় ৬১ হাজার ৩০৫ হেক্টর জমিতে আলু উৎপাদিত হয়েছে। এ ছাড়া সাড়ে সাত হাজার হেক্টর জমিতে কাঁচা মরিচ, ৯৭৬ হেক্টরে ফুলকপি, ৭৭৬ হেক্টরে বাঁধাকপি, এক হাজার ৭৭৮ হেক্টর জমিতে বেগুনসহ প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়েছে। জেলার সাত উপজেলার মধ্যে শিবগঞ্জ, শাজাহানপুর, শেরপুর, গাবতলীতে সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয়। জেলায় সবজির বড় পাইকারি বাজার রয়েছে চারটি। সেগুলো হলো মহাস্থান হাট, নয়মাইল, শাহনগর ও আড়িয়াল বাজার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবি বা শীত মৌসুমে প্রতিদিন গড়ে বগুড়া থেকে ২০০ ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে যায়। সারা বছরে এই জেলা থেকে প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন সবজি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি সবজি কেনাবেচা হয় মহাস্থান ও নয়মাইল বাজারে। মহাস্থান বাজারকে ঘিরে শিবগঞ্জ, গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে বছরজুড়েই সবজির চাষ হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ন ম বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় চলতি মৌসুমে এই অঞ্চলের কৃষকেরা সবজির ন্যায্য দাম পাচ্ছেন না।’
মহাস্থান হাটের একাধিক আড়তমালিক জানান, স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন এই একটি বাজার থেকে ৫০ ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। প্রতি ট্রাকে গড়ে দুই লাখ টাকার সবজি থাকে। সেই হিসাবে প্রতিদিন এক কোটি টাকার সবজি কেনাবেচা হয়। এখন সেখানে সবজি কেনাবেচা হচ্ছে ৮ থেকে ১০ লাখ টাকার।
অর্থাৎ হরতাল-অবরোধের কারণে মহাস্থান হাটে সবজির দৈনিক বিকিকিনি কমেছে প্রায় ৯০ লাখ টাকার। সেই হিসাবে মাসে প্রায় ২৭ কোটি টাকার ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতির পুরোটাই গিয়ে পড়েছে চাষির ওপর।
মহাস্থান হাটে নিজের জমির উৎপাদিত সবজি বিক্রি করতে আসা মোকামতলা এলাকার চাষি কামাল পাশা প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধে ক্রেতা না থাকায় মাঠ থেকে তুলে আনা অনেক মুলা ফেলে দিতে হয়েছে। গত বছর শীত মৌসুমে প্রতি মণ মুলা ৩০০ টাকায় বিক্রি হলেও এবার ৫০ টাকার বেশি দর পাওয়া যাচ্ছে না। এতে করে উৎপাদন খরচই উঠছে না।