বগুড়ায় হঠাৎ করে পাটের দরপতন, চাষিরা হতাশ
বগুড়ার বিভিন্ন উপজেলায় হঠাৎ করে পাটের দাম ব্যাপক হারে কমে গেছে। মাত্র এক সপ্তাহ আগেও যেখানে বাজারে প্রতি মণ পাট দুই হাজার টাকা দরে বিক্রি হতো, এখন তা কোথাও কোথাও এক হাজার ২০০ টাকায় নেমে এসেছে। দু-এক জায়গায় অবশ্য সর্বোচ্চ এক হাজার ৬৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একরাম হোসেনও হঠাৎ করে পাটের দরপতন হয়েছে বলে স্বীকার করেন।গত কয়েক বছর ভালো দাম পাওয়ায় এবারও বগুড়া অঞ্চলের কৃষকেরা একই আশায় অন্যান্য অর্থকরী ফসলের তুলনায় পাটের আবাদ বেশি করলেও বাজারে হঠাৎ করে দরপতনের কারণে তাঁরা খুবই হতাশ হয়ে পড়েছেন। কৃষকেরা ক্ষোভের সঙ্গে বলেন, ‘যখন আমাদের ঘরে পাট থাকবে না, তখন হয়তো দাম বাড়বে।’পাটচাষিরা সাধারণত পাট বিক্রি করেই তাঁদের দৈনন্দিন অন্যান্য চাহিদা মিটিয়ে থাকেন। তাঁরা জানান, দাম কম হলেও পাট বিক্রি করতে হবেই। কারণ পাট বিক্রির টাকা দিয়েই ঈদের কেনাকাটা করতে হবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বগুড়ায় সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী, শেরপুর ও ধুনট উপজেলায় পাটের চাষ বেশি হয়ে থাকে। চলতি মৌসুমে এ জেলায় ২১ হাজার ৬৯৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২০ হাজার ২১৪ হেক্টর জমিতে চাষ হয় তোষাপাট। সব মিলিয়ে বগুড়া জেলায় এবার দুই লাখ ৩৪ হাজার ৬৪১ বেল পাট উৎ পাদিত হবে বলে আশা করা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার মধ্যে চলতি মৌসুমে সারিয়াকান্দিতে ছয় হাজার ৬৫০ হেক্টর, ধুনটে চার হাজার ৫৫৫ হেক্টর ও সোনাতলায় তিন হাজার ১০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। স্থানীয় কৃষি অফিস জানায়, সারিয়াকান্দি উপজেলায় এ বছর ছয় হাজার ৬৩০ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ছয় হাজার ৬৫০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, যা থেকে ৭৩ হাজার ১৫০ বেল পাট উৎ পাদিত হবে বলে আশা করা হচ্ছে।সারিয়াকান্দির হাটে মানিকদাইরচরের কৃষক খালেক শেখ জানান, তিনি এক সপ্তাহ আগেও এক হাজার ৮৫০ টাকা মণ দরে পাট বিক্রি করেছেন। অথচ এই শনিবারে তা এক হাজার ৪০০ টাকায় নেমে এসেছে।শিমুলতাইরচরের কৃষক জামাল শেখ জানান, এক সপ্তাহ আগে তিনি প্রতি মণ পাট এক হাজার ৯০০ টাকা দামে বিক্রি করেছেন। কিন্তু এই সপ্তাহে এক হাজার ৪০০ টাকা মণ দরে বিক্রি করেছেন।একইভাবে দারুনাচরের পাটচাষি ধলু ফকির, নিজবাটিয়া চরের ফকির মাহমুদ পাটের দাম হঠাৎ কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন।পাট ব্যবসায়ী তবিবর রহমান পাইকার জানান, মিল ও এজেন্সিগুলো পাটের দাম কমিয়ে দেওয়ার কারণে বাজারে পাটের দাম কমে গেছে। তিনি নিজে এই হাটবারে (শনিবার) এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৬৫০ টাকা মণ দরে ৭০০ মণ পাট কিনেছেন। আগের হাটে একই মানের পাট এক হাজার ৮৫০ টাকা থেকে এক হাজার ৯৫০ টাকা মণ দরে কিনেছিলেন।ব্যবসায়ী ভাসান পোদ্দার জানান, মিলগুলো পাটের দাম কমিয়ে দেওয়ায় বাজারেও দাম কমে গেছে। এতে ব্যবসায়ীদের করার কিছু নেই।