বগুড়ায় হাজার কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতা-অস্থিরতায় গত নয় মাসে বগুড়ায় প্রায় এক হাজার শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর আর্থিক হিসাবে কৃষি যন্ত্রাংশ, হালকা প্রকৌশল ও ফাউন্ড্রি প্রভৃতি শিল্পে ইতিমধ্যে সাড়ে সাত শ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে স্থানীয় উদ্যোক্তারা দাবি করেছেন।
উদ্যোক্তারা জানান, রাস্তায় হামলা ও নাশকতার কারণে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় কাঁচামাল যেমন আনা যাচ্ছে না, তেমনি পণ্য সরবরাহ তথা বাজারজাত করা যাচ্ছে না। মাঝেমধ্যে ট্রাক পাওয়া গেলেও চার-পাঁচ গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। বিদেশে রপ্তানিও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় হাতে গোনা কিছু কারখানা শ্রমিকদের বেতন বাড়লেও অন্যদের বাড়ছে না। যে কারণে বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক, যাঁদের এখন মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
ফোরাম অব এগ্রিকালচারাল মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং জোন, বগুড়ার সভাপতি গোলাম আজম প্রথম আলোকে জানান, বগুড়ার কৃষি যন্ত্রপাতি, হালকা প্রকৌশল ও ফাউন্ড্রি শিল্পকে ঘিরে বছরে প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে। কিন্তু গত মার্চ মাস থেকে রাজনৈতিক অস্থিরতা-সহিংসতায় এসব সম্ভাবনাময় শিল্প মুখ থুবড়ে পড়েছে। সব মিলিয়ে গত নয় মাসে বগুড়ার সম্ভাবনাময় শিল্পকারখানাগুলোর প্রায় ৭৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, বগুড়ায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০০টি কৃষি যন্ত্রাংশ তৈরির, ৪৫০টি হালকা প্রকৌশল ও ৪২টি ফাউন্ড্রি কারখানা রয়েছে। এসব কারখানায় উৎপাদিত পণ্য বাজারজাতকরণে শহরের বিভিন্ন এলাকায় রয়েছে ছয় শতাধিক বিক্রয়কেন্দ্র। আর এখানকার পণ্য রপ্তানি হয়ে থাকে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটানসহ আরও কয়েকটি দেশে।
বিসিক শিল্পনগরের মিলটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শ্রমিক জয়পুরপাড়ার শ্যামা রানী বলেন, ‘কয়ডা মাস ধরে খালি হরতাল-অবরোধ হচ্চে। লিত্তিদিন কারখানা বন্ধ থাকিচ্চে। কিন্তু প্যাটের খিদা তো আর বন্ধ থাকিচ্চে না। দুডা ছল লিয়ে কষ্ট করে দিন কাটাচ্চি।’
বারপুর গ্রামের মোসলেম উদ্দিন বলেন, ‘দুই ব্যাটাসহ কারখানাত কাম করি। কারখানা বন্ধ। তাই বেতন নাই। ধারদেনা করে সংসার চালাচ্চি।’
বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আইনুল হক বলেন, কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে ডাকা হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় কয়লা, ফার্নেস অয়েল, পিক আয়রন, হাডকোক এসব কাঁচামাল বন্দর থেকে আনা যাচ্ছে না।’
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান বলেন, ‘এবার ভরা মৌসুম হওয়া সত্ত্বেও টিউবওয়েল, সেন্ট্রিফিউগাল পাম্প, ধানভাঙার যন্ত্র কোথাও পাঠানো যায়নি।’