বগুড়ায় হাত বদল হতেই সবজির দাম তিন-চার গুণ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় সবজির অন্যতম মোকাম মহাস্থান হাট; যেখানে বেগুনসহ সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু খুচরা বাজারে যেতেই এসব সবজির দাম কয়েক গুণ বেড়ে যায়। ছবিটি গতকাল সকালে তোলা l সোয়েল রানা
বগুড়ায় সবজির অন্যতম মোকাম মহাস্থান হাট; যেখানে বেগুনসহ সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু খুচরা বাজারে যেতেই এসব সবজির দাম কয়েক গুণ বেড়ে যায়। ছবিটি গতকাল সকালে তোলা l সোয়েল রানা

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে আজহার উদ্দিন রোজার প্রথম দিনে গতকাল রোববার সকালে বগুড়ার ফতেহ আলী বাজারে এলেন। কিন্তু বিভিন্ন সবজির দাম শুনে তাঁর চোখ যেন ছানাবড়া। কারণ সব ধরনের সবজির দাম বেশ লাগামছাড়া। আজহার উদ্দিনের অভিযোগ, রোজার সুযোগ নিয়েই ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়েছেন।

আজহার উদ্দিনসহ কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে যায়, মাত্র দুই দিনে প্রায় সব ধরনের সবজির দাম দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বেড়েছে।

অথচ বগুড়ার অন্যতম বৃহৎ সবজির মোকাম মহাস্থান হাটে খোঁজ নিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে অন্যান্যবারের মতো এবার রোজা উপলক্ষে অধিকাংশ সবজির দাম বাড়েনি, বরং কাঁচা মরিচ, বেগুন, ঢ্যাঁড়সের দাম উল্টো কমেছে। মুলা, পেঁপে, কচুর লতি, পটোল, কচুমুখি ও করলার দাম স্থিতিশীল রয়েছে। শুধু শসার দাম বেড়ে দ্বিগুণহয়েছে। গতকাল এটি ১৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা শনিবার ছিল সাড়ে ৭ টাকা।

পাইকারি মোকাম থেকে এক হাত বদল হয়ে খুচরা বাজারে যেতেই সবজির দাম কয়েক গুণ বেড়ে যায়। যেমন মহাস্থান হাটে গতকাল এক কেজি শসা বিক্রি করে কৃষক যেখানে ১৫ টাকা পেয়েছেন, সেখানে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে তা খুচরা ক্রেতাদের কিনতে হয়েছে ৪৮ টাকায়। একইভাবে মহাস্থান হাটে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ২০ টাকা দামে কিনে নিয়ে খুচরা বিক্রেতারা তা ফতেহ আলী বাজারে ৬০ টাকায় বিক্রি করেছেন।

পাইকারি মোকাম মহাস্থান হাট থেকে ফতেহ আলী বাজারের দূরত্ব ১২ কিলোমিটার; যেখানে প্রতি কেজি পণ্য পরিবহনে মাত্র ৫০ পয়সা লাগে। অথচ পণ্য বিক্রি হয় কয়েক গুণ বেশি দামে।

ফতেহ আলী বাজারে গতকাল মহাস্থান হাট থেকে কিনে নেওয়া ৫ টাকা কেজির মুলা ২০ টাকায়, ১৪ টাকা কেজির দেশি পটোল ৩৬ টাকায়, ১০ টাকা কেজির ঢ্যাঁড়স ২০ টাকায়, ১২ টাকা কেজির বরবটি ৩২ টাকায়, ২৫ টাকা কেজির কচুমুখি ৫০ টাকায়, ১৩ টাকা কেজির কচুরলতি ৩৬ টাকায়, ২০ টাকা কেজির কাঁচা পেঁপে ৪০ টাকায়, ৬ টাকার ঝিঙে ৩২ টাকায়, ৪০ টাকা কেজির দেশি ধনেপাতা ২০০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে ৫ টাকা কেজি দরের লালশাক ৩২ টাকায়, ২৬ টাকা কেজির দেশি পেঁয়াজ ৩০ টাকায়, ২০ টাকার লম্বা বেগুন ৫০ টাকা দামে কিনতে হয়েছে খুচরা ক্রেতাদের।

মোকামের চেয়ে কয়েক গুণ বেশি দামে সবজি বিক্রির যৌক্তিক কোনো কারণ জানাতে পারেননি ফতেহ আলী বাজারের বিক্রেতারা। তাঁরা বেশি দামে কেনার কথা জানান। তখন মহাস্থান হাটের দর জানালে ব্যবসায়ীরা চুপসে যান।

মহাস্থান হাট সবজি, কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী এবং আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, মহাস্থান হাট থেকে বগুড়া শহরের ফতেহ আলী বাজার পর্যন্ত ১২ কিলোমিটারে প্রতি কেজি সবজি পরিবহনে সর্বোচ্চ খরচ ৫০ পয়সা। অথচ খুচরা ব্যবসায়ীরা দ্বিগুণ থেকে পাঁচ গুণ বেশি দামে সবজি বিক্রি করছেন।

এদিকে কৃষকেরা বলছেন দাম স্থির থাকা কিংবা কমার কথা। মহাস্থান হাটে আসা শিবগঞ্জের শোলাগাড়ি গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, শনিবার যেখানে প্রতি মণ গোল বেগুন ১ হাজার ২০০ টাকা— (প্রতি কেজি ৩০ টাকা) বিক্রি করেছেন, সেখানে গতকাল তা ৮০০ টাকায় নেমে গেছে।

রায় মাঝিড়া গ্রামের কৃষক আবদুল জব্বার বলেন, প্রতি রোজাতেই কাঁচা মরিচের ভালো দাম মিলত। এবার কাঁচা মরিচের তেমন দাম নেই। শনি ও রোববার দুই দিনই ২৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

মহাস্থান হাটে গতকাল প্রতি মণ মুলা ২০০ (কেজি ৫ টাকা), শসা ৬০০ (কেজি ১৫ টাকা), কাঁচামরিচ ৮০০ (কেজি ২০ টাকা), ঝিঙে ২৪০ (কেজি ৬ টাকা), পটোল ৫০০ (সাড়ে ১২ টাকা), ঢ্যাঁড়স ৪০০ টাকা (১০ টাকা), করলা ৬০০ (কেজি ১৫ টাকা), কচুমুখি ১ হাজার ২০০ টাকা (কেজি ৩০ টাকা), কচুরলতি ও বরবটি ৫০০ টাকা (সাড়ে ১২ টাকা), পেঁপে ৮০০ টাকা (২০ টাকা) দামে বিক্রি হয়েছে।

বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রতুল চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘রোদে পুড়ে কৃষক সবজি উৎপাদন করে পণ্যের যে দাম পান, তার চেয়ে কয়েক গুণ বেশি দামে ভোক্তাদের কিনতে হয় মধ্যস্বত্বভোগীদের কারণে। বিষয়টি জেলা পর্যায়ের একাধিক সভায় বাজার মনিটরিং কমিটির নজরে এনেছি। এটার সমাধান দরকার।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কৃষিপণ্য বেশি দামে বিক্রি হলেও এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিছুই করণীয় নেই।

কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী পর্যায়ে যেকোনো কৃষিপণ্য ২৫ শতাংশের বেশি লাভে বিক্রি করার সুযোগ নেই। কিন্তু ফতেহ আলী বাজারের ব্যবসায়ীরা যুক্তি দেখান, তাঁরা কৃষকের কাছ থেকে বাছাই করা পণ্য কিনে বেশি দামে বিক্রি করেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।