বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বসেছে পোশাক খাত-সংশ্লিষ্টদের মিলনমেলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পোশাক ও বস্ত্র খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘১১তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী’। মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে বসেছে পোশাক ও বস্ত্র খাত-সংশ্লিষ্টদের মিলনমেলা। চার দিনের এই প্রদর্শনী গতকাল বুধবার শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনী প্রাঙ্গণে গিয়ে দেখা যায় দর্শনার্থীদের ভিড়। সম্মেলন কেন্দ্র ও কেন্দ্রের বাইরের পুরো এলাকায় তৈরি করা হয়েছে স্টল। স্টলগুলোতে স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের পোশাক তৈরির মেশিন। কোনো কোনো স্টলে চলছে কাপড় তৈরি, কোনটিতে কাপড় কাটার কাজ। অনেক স্টলে প্রদর্শন করা হচ্ছে উত্পাদিত কাপড়ের স্যাম্পল এবং মেশিনারি যন্ত্রপাতি।
প্রদর্শনীর একটি স্টলে জার্মানি থেকে আমদানি করা স্টল ব্র্যান্ডের স্বয়ংক্রিয় সোয়েটার নিটিং মেশিন। সেখানে দায়িত্বরত ট্রাইকোটেক্স মেশিনারি লিমিটেডের জ্যেষ্ঠ প্রোগ্রামার শফিকুল ইসলাম জানান, মূলত সোয়েটার কারখানার জন্য উপযোগী এই মেশিন। এর মাধ্যমে উত্পাদন খরচ ১০ ভাগের এক ভাগে নামিয়ে আনা সম্ভব। এতে কারখানার মালিকেরা অনেক বেশি লাভবান হবেন বলে মন্তব্য তাঁর।
শফিকুল ইসলাম আরও জানান, প্রদর্শনীতে অনেক দর্শনার্থী আসছেন। তাঁরা মেশিনের খোঁজখবর নিচ্ছেন। অনেকে পরে যোগাযোগ করার কথাও বলেছেন।
পাশের আরেকটি স্টলে আছে অটো কাটিং মেশিন। এই যন্ত্রে কম্পিউটারের মাধ্যমে নির্দেশ দিলেই কাপড় কাটা যাচ্ছে। অপর একটি স্টলে নিটিং অ্যান্ড ডাইং মেশিনের প্রদর্শনী করা হচ্ছে। টেক্স করপ (বিডি) লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন বলেন, পোশাক মালিকদের দেখানোর জন্য মূলত এই মেশিনগুলো আনা হয়েছে। এখন তাঁরা মেশিনগুলো সম্পর্কে জানতে পারছেন।
ডাবল এ ইয়ার্ন মিলস লিমিটেডের কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম জানালেন, পোশাকশিল্পের যন্ত্রপাতির এই মেলায় এসে সর্বশেষ প্রযুক্তির যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারছি। পরে প্রয়োজন অনুযায়ী মেশিন সংগ্রহ করা হয় বলে জানান তিনি।
মেলায় আসা জেপি স্পিনিং মিলস লিমিটেডের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, কারখানা চালাতে অনেক যন্ত্রপাতি প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে ওইসব যন্ত্রপাতির যন্ত্রাংশ পাওয়া যায় না। তবে এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে। এখান থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনছেন বলে জানান তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢুকতেই ডানে অ্যামব্রয়ডারি ও প্রিন্টিংয়ের মেশিন প্রদর্শন করছে নাফ গ্রুপ। এই গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের ব্যবস্থাপক মুবারাক হোসেন বলেন, জাপান ও কোরিয়া থেকে মেশিনগুলো আনা হয়েছে। সবগুলোই স্বয়ংক্রিয়। এর মাধ্যমে উত্পাদন খরচও কম হবে। প্রদর্শনীতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
সম্মেলন কেন্দ্রের ৯এ হলে প্রদর্শন করা হচ্ছে ফেব্রিক ও অ্যাপারেল সামগ্রী। এখানে আছে চীনের শাওজিং এলিগ্রান্ট নিটিং কোম্পানি লিমিটেডের একটি স্টল। বাংলাদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি ফেব্রিক ও অ্যাপারেল সামগ্রী সরবরাহ করে থাকে। প্রতিবছর প্রতিষ্ঠানটি প্রদর্শনীতে অংশ নেন।
এ ছাড়াও মেলায় পোশাক কারখানার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মেশিন, আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলছে প্রদর্শনী। ১৫ ফেব্রুয়ারি প্রদর্শনী শেষ হবে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসেসিয়েশন (বিটিএমএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি সম্মিলিতভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে বাংলাদেশসহ ৩১টি দেশের ৮৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।