বঙ্গবন্ধুর প্রতিকৃতি-সংবলিত নতুন তিন নোট বাজারে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি-সংবলিত নতুন তিনটি নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গতকাল বাংলাদেশ ব্যাংক এসব নোট বাজারে ছাড়ল। এগুলো ১০, ২০ ও ৫০ টাকার নোট।বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এসব নোট অবমুক্ত করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। এ সময় ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাসহ ডিজাইন প্রণয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর ফলে বাংলাদেশে সব ব্যাংকিং নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংযোজিত হলো। এসব নোটে স্বাক্ষর করেছেন আতিউর রহমান। তবে ৫০ টাকার নোটের পেছন দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামের বানান ভুলবশত ‘আবেদীন’ মুদ্রিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক দুঃখ প্রকাশ করেছে এবং এ ত্রুটি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।