বঙ্গোপসাগরে আগামী বছরের শুরুতে মৎস্যসম্পদ জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের শুরুতে বঙ্গোপসাগরে মৎস্যসম্পদ জরিপ শুরু হবে। জরিপের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে মালয়েশিয়া থেকে জরিপ জাহাজ সংগ্রহ করা হচ্ছে।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে মাল্টিচ্যানেল স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তাঁর মতে, এই জরিপের ফলে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের সঠিক চিত্র পাওয়া যাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ সাইফুজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন সংস্থার (বিএফডিসি) চেয়ারম্যান পিউস কস্তা। বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আনিসুর রহমান, বিএফডিসির মহাব্যবস্থাপক এম এ কাদের, প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রফিকুল ইসলাম ও নির্মাতা সংস্থা এফএমসি ডক ইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন চৌধুরী।আবদুল লতিফ বিশ্বাস বলেন, দেশের রপ্তানির ক্ষেত্রে পোশাকশিল্পের পরই মৎস্য খাতের অবস্থান। গত বছর এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আসে চার হাজার ৭০৪ কোটি টাকা। মৎস্য খাতকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা গেলে এ খাত দেশের অর্থনীতিতে অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, বিএফডিসি চট্টগ্রাম অঞ্চলের সব ট্রলারকে সময়মতো ডকিং-মেরামত সুবিধা দেওয়ার জন্য মাল্টিচ্যানেল স্লিপওয়ে নির্মাণের এই প্রকল্প হাতে নেয়, যা আগামী ২০১৫ সালের জুন মাসের মধ্যে শেষ হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৮৯ লাখ টাকা।