গ্যাস না পেয়ে বন্ধ সার কারখানাগুলোর জন্যই দুরবস্থা
বছর না ঘুরতেই বিসিআইসির লোকসান বেড়েছে ছয় গুণ
দেশের যে পাঁচটি সরকারি সংস্থা গেল অর্থবছরে বিশাল অঙ্কের লোকসান গুনেছে, তার অন্যতম বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি)। বছর না ঘুরতেই সংস্থাটির লোকসান বেড়েছে প্রায় ছয় গুণ।
২০১১-১২ অর্থবছরে বিসিআইসির আওতাধীন প্রতিষ্ঠানগুলোর লোকসানের পরিমাণ ছিল যেখানে ৬২ কোটি ৮৪ লাখ টাকা, সেখানে ২০১২-১৩ অর্থবছরের এপ্রিলে এসে লোকসান দাঁড়িয়েছে ৩৬৮ কোটি ২৩ লাখ টাকায়। এ তথ্য অর্থনৈতিক সমীক্ষা-২০১৩-এর।
বিসিআইসি দেশের সরকারি করপোরেশনগুলোর মধ্যে সবচেয়ে বড়। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থার ব্যবস্থাপনায় আটটি সার কারখানা, একটি পেপার মিল, একটি সিমেন্ট কারখানা, একটি গ্লাসশিট কারখানা, একটি ইনস্যুলেটর ও স্যানিটারিওয়্যার কারখানা এবং একটি হার্ডবোর্ড মিল—এই ১৩টি শিল্প-প্রতিষ্ঠান পরিচালিত হয়। অবশ্য বিসিআইসির আওতাধীন কারখানাগুলোতে যত পণ্য উৎপাদিত হয় তার ৮০ শতাংশই সার।
সংস্থাটির কর্মকর্তাদের মতে, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় বিভিন্ন সার কারখানা ছয় থেকে নয় মাস পর্যন্ত বন্ধ থাকে। সে কারণেই লোকসানের পরিমাণ বেড়েছে। ইউরিয়া সার উৎপাদনে প্রধান কাঁচামালই হলো প্রাকৃতিক গ্যাস।
জানতে চাইলে বিসিআইসির চেয়ারম্যান মনসুর আলী সিকদার গত জুনে তাঁর নিজ কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘বছরের নয় মাস যদি সার কারখানা বন্ধ থাকে, তাহলে তো সেখানে লোকসান হবেই। আমার তো কারখানাগুলো চালু রাখতে হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হচ্ছে।’ তিনি বলেন, যদি ঠিকমতো গ্যাস সরবরাহ করা হয়, তাহলে বিসিআইসির প্রতিষ্ঠানগুলো লোকসান নয়, লাভে থাকবে।
সার কারখানা: বিসিআইসির আট সার কারখানার মধ্যে কয়েক মাস ধরেই চালু ছিল শুধু যমুনা আর ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কারখানা। এর মধ্যে ফেঞ্চুগঞ্জের কারখানার উৎপাদন খুবই নগণ্য। প্রতিদিনের উৎপাদন ৬০ থেকে ৭০ টন। আর যমুনা কারখানায় সার উৎপাদিত হচ্ছে প্রতিদিন এক হাজার ১০০ থেকে দেড় হাজার টন।
তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশের পর পলাশ, ঘোড়াশাল ও আশুগঞ্জ সার কারখানায় সম্প্রতি গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এসব কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হলেও সার উৎপাদন হতে আরও কয়েক দিন লেগে যাবে। আর এখনো চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারকে (সিইউএফএল) গ্যাস সরবরাহ করা হয়নি।
বিসিআইসির হিসাবে, আট সার কারখানায় বছরে ২৩ লাখ ২১ হাজার টন সার উৎপাদনের সক্ষমতা থাকলেও গত অর্থবছরের লক্ষ্যমাত্রা ঠিক করা হয় ১১ লাখ ১৫ হাজার টন। আর ১১ জুন পর্যন্ত উৎপাদিত হয় ১০ লাখ ১১ হাজার ৪৬ টন সার। আগের বছর একই সময়ে সারের উৎপাদন ছিল নয় লাখ ১৭ হাজার ৯২৩ টন।
এদিকে চট্টগ্রামে সরকারি সার কারখানা সিইউএফএলকে বাদ দিয়ে বিদেশি মালিকানাধীন সার কারখানা কাফকোয় গ্যাস সরবরাহ করা হয়েছে। অথচ গ্যাসের অভাবে সিইউএফএল এ বছরের ১৫ জানুয়ারি থেকে বন্ধ আছে।
বিসিআইসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দিনের পর দিন কারখানা বন্ধ থাকায় সার কারখানাগুলোর যন্ত্রপাতি অকেজো হয়ে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠানকে এভাবে চালানো হলে তা তো লোকসানে থাকবেই। তাঁর মতে. সিইউএফএল ও কাফকো দুটোতেই পর্যায়ক্রমে দেওয়া উচিত।
কাফকো যেখানে প্রতিদিন এক হাজার ৮০০ টন সার উৎপাদন করতে পারে, সেখানে সিইউএফএলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন এক হাজার ৭০০ টন।
কারখানা পুরোনো, উৎপাদনও কম: ছাতক সিমেন্ট কারখানা, ফেঞ্চুগঞ্জের সার কারখানা, কর্ণফুলী পেপার মিল এবং উসমানিয়া গ্লাস মিল—বিসিআইসির এই চার প্রতিষ্ঠানই অর্ধশতাব্দীর পুরোনো। আরও তিনটি কারখানা এই মাইলফলক ছোঁয়ার প্রহর গুনছে।
বিসিআইসির কারখানাগুলোতে উৎপাদন কম হওয়ার আরেকটি বড় কারণ এটি। এসব কারখানার প্রায় সব যন্ত্রপাতিও পুরোনো এবং মেয়াদোত্তীর্ণ। বেশির ভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে এক যুগেরও আগে। বারবার মেরামত আর জোড়াতালি দিয়ে কারখানাগুলো সচল রাখা হয়েছে। বিষয়টি স্বীকার করেন বিসিআইসির চেয়ারম্যানও। একমাত্র হার্ডবোর্ড মিলটি কয়েক বছর বন্ধ থাকার পর চার-পাঁচ দিন হলো চালু হয়েছে।