বছর শেষে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে
বছর শেষে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। গেল মাসে (ডিসেম্বরে) মাসওয়ারি সার্বিক মূল্যস্ফীতির হার সামান্য বেড়ে ৬.১ শতাংশ হয়েছে। এর দুমাস আগে (অক্টোবর, ২০১৫) এ হার ছিল ৬.০৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।
বিবিএসের তথ্যানুযায়ী, গত মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যে। খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫.৪৮ শতাংশ। নভেম্বর মাসে এ হার ছিল ৫.৭২ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে ডিসেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৭.০৫ শতাংশ। আর নভেম্বরে এ হার ছিল ৬.৫৬ শতাংশ।
এ মূল্যস্ফীতির কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, বছর শেষে ডিসেম্বরের দিকে অনেকেই ঘুরতে যান। গেল মাসে কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক গেছে। এ ছাড়া বিজয় দিবস ও বড়দিন উপলক্ষেও এ সময় ভোক্তা চাহিদা বেড়েছে। এতে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে বাজারে শীতকালীন শাক-সবজি রয়েছে, দামও কম। তাই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমছে।