
পণ্য রপ্তানি আয় এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলেই মনে হচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে রক্ষণশীল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রতিযোগী দেশের সঙ্গে পাল্লা দিয়েই কিন্তু দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সেটি অর্জন করতে হয়েছে। এটা অবশ্যই উৎসাহব্যঞ্জক। অবশ্য কয়েক মাসের রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি দেখে উচ্ছ্বসিত হলে চলবে না। মনে রাখতে হবে, প্রতিযোগী দেশগুলো সব সময়ই নিত্যনতুন কৌশল নিচ্ছে। তাই রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আমাদের সরকারকেও রপ্তানি খাতের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দিলে হবে না। নীতি-সহায়তা আগের মতোই রাখতে হবে।
আরেকটি বিষয় হচ্ছে, রপ্তানি আয় বাড়াতে হলে নতুন বিনিয়োগ দরকার। তবে আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই। এতে ২০১৮ সালের মধ্যে গ্যাস-সংকট নিরসনের কথা বলা হলেও বিদ্যুৎ নিয়ে কিছু বলা হয়নি। বিশেষ অর্থনৈতিক অঞ্চল একটিও হয়নি। এ ছাড়া গভীর সমুদ্রবন্দর ও নতুন রাস্তাঘাট দরকার।