বছর শেষের হিসাব-নিকাশ নিয়েই এখন সবার ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানি এখন বছর শেষের হিসাব-নিকাশ কষছে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বছর শেষের লাভ-লোকসানের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। এ জন্য এখন থেকেই সম্ভাব্য মুনাফার হিসাব কষতে শুরু করে দিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে ডিসেম্বর মাসের বাকি সময়টা এ রকম সম্ভাব্য হিসাব-নিকাশ আর কিছু প্রত্যাশার মধ্য দিয়েই পার করতে হবে বিনিয়োগকারীদের। ইতিমধ্যে যেসব কোম্পানি এরই মধ্যে ভালো লভ্যাংশ ঘোষণা করেছে, সেগুলো এখন রয়েছে লেনদেনের শীর্ষে। তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কর্তৃপক্ষ আগামীকাল সোমবার ঘোষিত লভ্যাংশের মালিকানা নির্ধারণের দিন ধার্য করেছে। কোম্পানিটি বছর শেষে বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এ কারণে গত সপ্তাহজুড়ে কোম্পানিটি ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে ছিল। এ ছাড়া লেনদেনের দিক থেকে গত সপ্তাহে শীর্ষ ১০ কোম্পানির তালিকার পাঁচটিই ছিল ব্যাংক খাতের। লভ্যাংশের প্রত্যাশার পাশাপাশি উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার কেনার প্রভাবটি ছিল চোখে পড়ার মতো। যেসব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশের কম শেয়ার রয়েছে, সেসব কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বেশি ঝোঁক ছিল। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত অনানুষ্ঠানিক একটি তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী, এক হাজার ৪৯১ জন উদ্যোক্তা-পরিচালকের হাতে ওই কোম্পানির দুই শতাংশের কম শেয়ার রয়েছে। এ ছাড়া সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে, এমন কোম্পানি রয়েছে ৩৮টি। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী, কোম্পানির পরিচালক পদে থাকতে হলে এক হাজার ৪৯১ জন পরিচালককে বাজার থেকে নতুন করে শেয়ার কিনতে হবে। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত অনেক কোম্পানির বছর শেষের আর্থিক হিসাব-নিকাশ ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার ঘোষণা বাজারে সাময়িকভাবে হলেও ইতিবাচক প্রভাব ফেলবে। যেহেতু পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ এখন আইনি সীমার অনেক নিচে রয়েছে, তাই বাজারে বিক্রির চাপ খুব একটা বাড়ার আশঙ্কা নেই। সান্নামত আরও বলেন, ‘বাজারের সুফল পেতে হলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয়ভাবে ধারাবাহিকতা রাখা প্রয়োজন। সেই সঙ্গে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদেরও যৌক্তিক আচরণ করতে হবে। কোনো গুজবের ওপর ভিত্তি করে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’ বাজার পরিস্থিতি: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে সাধারণ মূল্যসূচক প্রায় ৬৮ পয়েন্ট বেড়ে আবারও পাঁচ হাজার পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৩৬৮ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৪৫৮ কোটি টাকা বেশি। সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭৪ কোটি টাকায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় ২২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০১ পয়েন্টে। সপ্তাহ শেষে চট্টগ্রামের বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৯৬ কোটি টাকা। শেয়ার কেনার ঘোষণা: ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে তালিকাভুক্ত ১৩ কোম্পানির ১৬ জন উদ্যোক্তা-পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এসব উদ্যোক্তা-পরিচালকেরা বাজারমূল্যে নিজ নিজ কোম্পানির মোট ৪৭ লাখ শেয়ার কিনবেন। কোম্পানিগুলো হলো: পপুলার লাইফ ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, অগ্রণী ইনস্যুরেন্স, তাক্কাফুল ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, উত্তরা ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, সিটি ব্যাংক, আলহাজ টেক্সটাইল, বেক্সিমকো ও বেক্সফার্মা। এর মধ্যে আল-আরাফাহ্ ব্যাংকের দুই পরিচালক মিলে ওই কোম্পানির ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।