বছরজুড়ে উত্থান-পতনের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তেলের দাম কমেছে ৪৪%
২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ২০১৪ সালের আগস্টে ব্যারেলপ্রতি ১১৫ মার্কিন ডলারে ওঠে। এর পরেই তা আবার কমতে শুরু করে। বছর দেড়েকের মাথায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রতি ব্যারেল তেলের দাম কমে মাত্র ৩৬ ডলার ৫ সেন্টে নেমে গেছে, যা ২০০৪ সাল-পরবর্তী গত ১১ বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বনিম্ন দাম। বৈশ্বিক চাহিদা ব্যাপক হারে কমার বিপরীতে প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো তাদের আয় ধরে রাখার জন্য সরবরাহ বাড়িয়ে দেওয়ায় দাম কমে এতটা নিচে নেমে যায়। সার্বিকভাবে বিদায়ী ২০১৫ সালে কমেছে ৪৪ দশমিক ২ শতাংশ।
সূত্র: দ্য গার্ডিয়ান ও মানিমর্নিংডটকম।

আন্তর্জাতিক শেয়ারবাজার

.
.

আন্তর্জাতিক অর্থনীতিতে চারটি বড় ঘটনার প্রভাব পড়েছে বিশ্বের বড় বড় শেয়ারবাজারে। প্রথমত, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ায়, বিশেষ করে দেশটির শেয়ারবাজারে জুন ও আগস্টে দুবার অস্থিরতা ও ব্যাপক দরপতন দেখা দেওয়ায় বিশ্ব শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয়ত, জ্বালানি তেলের দাম কমতে কমতে শেষ দিকে এসে ১১ বছরের সর্বনিম্ন অবস্থায় নেমে যাওয়ায় তেল কোম্পানিগুলোর শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়ে। তৃতীয়ত, গ্রিসের ঋণ সংকটকে কেন্দ্র করে ইউরো জোনসহ বিশ্ব আর্থিক বাজারে অস্থিরতা দেখা দেয়। চতুর্থত, যুক্তরাষ্ট্রের করপোরেট খাতে বড় মাপের কিছু একীভূতকরণ ও অধিগ্রহণের ঘটনায় শেয়ারবাজারে প্রভাব পড়ে। সূত্র: দ্য গার্ডিয়ান

এশীয় অবকাঠামো বিনিয়োগ

.
.

বিশ্ব অর্থনীতিতে অন্যতম এক আলোচিত ঘটনা চীনের উদ্যোগে ও নেতৃত্বে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) গঠন। এ ব্যাপারে চীনের রাজধানী বেইজিংয়ে গত ৩০ জুন ৫৭টি দেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সই করে। এতে বাংলাদেশও আছে। ১০ হাজার কোটি ডলারের অনুমোদিত মূলধন নিয়ে চীনের উদ্যোগে ও নেতৃত্বে এআইআইবি গঠিত হয় ২০১৪ সালের ২৪ অক্টোবর। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিদ্বন্দ্বী হিসেবে এআইআইবি গঠিত হয়েছে বলেও মনে করা হচ্ছে। ফিলিপাইন এত দিন দ্বিধাদ্বন্দ্বে থাকলেও গতকাল বুধবার দেশটি এআইআইবিতে যোগ দিয়েছে। আজ বৃহস্পতিবার হলো এআইআইবিতে যোগ দেওয়ার শেষ দিন।
ওয়েবসাইট অবলম্বনে

উদ্ধার পেল গ্রিস
বিদায়ী বছরে গ্রিসে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দেয়। তাই দেশটির জন্য আর্থিক পুনরুদ্ধারে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে। কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধার (বেইল আউট) প্যাকেজ অনুমোদন নিয়ে ইউরোজোন বা অঞ্চলের সঙ্গে গ্রিসের ব্যাপক দর-কষাকষির পরিস্থিতি তৈরি। শেষ পর্যন্ত গ্রিস করহার বৃদ্ধি ও ব্যয় কমানোর শর্তে রাজি হওয়ায় ইউরোজোন তৃতীয় দফায় দেশটিকে ৮৬ বিলিয়ন বা ৮ হাজার ৬০০ কোটি ইউরো ঋণ দিতে রাজি হয়। এদিকে গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে অনেক কাঠখড় পুড়িয়ে ও দেনদরবার করে ইউরো জোনের সঙ্গে ঋণচুক্তিতে পৌঁছানোর পাশাপাশি দেশেও তীব্র রাজনৈতিক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। এমনকি নিজের বামপন্থী দল সিরিজা পার্টিতেও বিদ্রোহের মুখে পড়েন তিনি।
সূত্র: বিবিসি।