বছরজুড়ে বড় যাতনার নাম ছিল মূল্যস্ফীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরজুড়ে যাতনার নাম ছিল মূল্যস্ফীতি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন, তাতে চলতি অর্থবছরের মাসভিত্তিক হিসেবে গত এপ্রিলে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৭ শতাংশ উল্লেখ করা হয়েছে।অন্যদিকে বার্ষিক চলমান গড়ে গত এপ্রিল শেষে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫ শতাংশ।উল্লেখ্য, আগের মাস, অর্থাৎ মার্চে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমান অর্থবছরে দেশে মূল্যস্ফীতির হার এতটা বেড়েছে।যদিও এক বছর আগে চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে অবশ্য তা সংশোধন করে ৮ শতাংশ করা হয়। কিন্তু সে পর্যায়ের অনেক ওপর দিয়েই গেছে জিনিসপত্রের দাম।উন্নত দেশে খাদ্যবহির্ভূত বিভিন্ন খাতে খরচ বেশি। কিন্তু দরিদ্র দেশগুলোতে আয়ের বেশি অংশই ব্যয় হয় খাদ্য কিনতে। ফলে বাংলাদেশের মতো দেশগুলোতে খাদ্যপণ্যের দামের ওপরই নির্ভর করে মূল্যস্ফীতির ওঠানামা। খাদ্যসূচকে মূল্যস্ফীতির হার এখন আতঙ্কজনক পর্যায়ে চলে গেছে। গত এপ্রিলে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি এখন মাত্র ৩ দশমিক ৯৭ শতাংশ।ব্যবধান বেড়েছে শহর ও গ্রামের মধ্যেও। গ্রামে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, মূল্যস্ফীতির চাপও পল্লি অঞ্চলে বেশি। গত এপ্রিলে পল্লি অঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৪৯ শতাংশ। গ্রামে খাদ্য উৎপাদন হয়, কিন্তু সেখানেই খাদ্যপণ্যের দাম শহর থেকে বেশি। পল্লি এলাকায় খাদ্যসূচকে ১৫ দশমিক ৩৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত সূচকে ৩ দশমিক ৯০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে।অন্যদিকে, শহর এলাকায় এপ্রিলে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। এ ক্ষেত্রে খাদ্যসূচকে ১২ দশমিক শূন্য ৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত সূচকে ৪ দশমিক ১৮ শতাংশ।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সম্ভাব্য আরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু করণীয়ের কথা বলেছেন। তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত অভিঘাত মোকাবিলার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। যেমন: হয়তো বেশ কিছু অপ্রিয় সিদ্ধান্ত আমাদের নিতে হতে পারে।’মন্ত্রী এ প্রসঙ্গে ভর্তুকিসহ কম গুরুত্বপূর্ণ ব্যয় হ্রাস, প্রয়োজনে কৃচ্ছ্রসাধন, রাজস্ব আয় বাড়ানো, মুদ্রার সরবরাহ ও ব্যক্তি খাতে ঋণ সরবরাহ কমানো এবং বিনিময় হারের যথাযথ বিন্যাসের কথা উল্লেখ করেন।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর দীর্ঘদিন ধরে মুদ্রানীতি ও মূল্যস্ফীতি নিয়ে কাজ করছেন। প্রথম আলোকে তিনি অর্থমন্ত্রীর এসব সিদ্ধান্ত সঠিক বলে মত দেন।আহসান মনসুর বলেন, খাদ্য সরবরাহের দিকটি নিশ্চিত করার পাশাপাশি মুদ্রানীতির আদলে আরও সংকোচনব্যবস্থা নিতে হতে পারে। তাঁর মতে, কোনোভাবেই ব্যাপক মুদ্রা সরবরাহে প্রবৃদ্ধি ২২ শতাংশ কিংবা বেসরকারি খাতের ঋণে প্রবৃদ্ধি ২৯ শতাংশে থাকা যাবে না। অবশ্য ইতিমধ্যে এসব ক্ষেত্রে খানিকটা সংকোচন এসেছে। আরও কিছুটা কমানোর দরকার হতে পারে। উপরন্তু চাহিদা ব্যবস্থাপনার মাধ্যমে বিনিময় হারকে কিছুটা নামিয়ে আনার কথাও মাথায় রাখতে হবে।এর আগে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে।সে সময়ে মূল্যস্ফীতি ঘটেছিল ১১ দশমিক ৫৯ শতাংশ। আওয়ামী লীগের নেতৃত্বে জোট সরকারের ক্ষমতা নেওয়ার সময় ২০০৯ সালের জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৬ শতাংশ। ছয় মাসের মধ্যে এই হার ২ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছিল। এর পর থেকেই নিয়ন্ত্রণ হারায় মূল্যস্ফীতি। যদিও নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের প্রথম অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। বলা হয়েছিল, ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে।’