বছরে বাড়তি খরচ ১০০ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নদীপথে লাইটার জাহাজে পণ্য পরিবহনের ভাড়া বাড়ছে। চট্টগ্রাম থেকে সারা দেশের বিভিন্ন এলাকায় পণ্য পরিবহনে টনপ্রতি সর্বনিম্ন ৫৭ থেকে সর্বোচ্চ ১৩৩ টাকা ভাড়া বাড়ানো হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে এই ভাড়া কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)।
আমদানিকারকেরা বলেন, লাইটার জাহাজ বরাদ্দ না পেয়ে এখন একেকটি জাহাজ থেকে পণ্য খালাসে ৪০ থেকে ৭০ দিন পর্যন্ত সময় লাগছে। এর ফলে আমদানিকারক ও শিল্পমালিকেরা পণ্য আমদানি করে প্রতি জাহাজে ক্ষতিপূরণ দিচ্ছেন। এর সঙ্গে নতুন করে ভাড়া বাড়ানোর কারণে একেকটি বড় জাহাজে অন্তত ৩০ লাখ টাকা বাড়তি খরচ হবে। হিসাব করে দেখা গেছে, নতুন ভাড়া অনুযায়ী পণ্য পরিবহনে ব্যবসায়ীদের বছরে বাড়তি ১০০ কোটি টাকা খরচ হবে।
জানতে চাইলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি মাহবুবুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ওয়াটার ট্রান্সপোর্ট সেল এককভাবে সিদ্ধান্ত নিয়ে ভাড়া বাড়াতে পারে না। ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ, ভাড়া বাড়ানো হলে ভোক্তাদের ওপর এই খরচ পড়বে।
তবে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. খুরশিদ আলম গতকাল প্রথম আলোকে বলেন, শ্রমিক মজুরি বাড়ানোর কারণেই পণ্য পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে। মজুরি বাড়ানোর সিদ্ধান্তের সময় নৌপরিবহনমন্ত্রীও বলেছিলেন ভাড়া সমন্বয় করে নেওয়ার জন্য। এই বাড়তি ভাড়া ব্যয় হবে শ্রমিক মজুরির পেছনে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের বর্ধিত ভাড়ার তালিকা অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, মেঘনা, মুক্তারপুর, কাঁচপুর, আলীগঞ্জ ও নিতাইগঞ্জে শিল্পের কাঁচামাল সিমেন্ট ক্লিংকার ও স্ল্যাগ পরিবহনে টনপ্রতি ভাড়া ৬০ টাকা বাড়িয়ে ৫৪৮ টাকা করা হয়েছে। এই নৌপথে ভাড়া বাড়ানো হয়েছে ১২ দশমিক ২৯ শতাংশ। বন্দর থেকে এই নৌপথে সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয়।
তবে সর্বোচ্চ ভাড়া বাড়ানো হয়েছে চট্টগ্রাম থেকে খুলনা, নোয়াপাড়া ও শিরমনি এলাকায়। এই নৌপথে টনপ্রতি ১৩৩ টাকা বাড়িয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০৭ টাকা। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটি থেকে সারা দেশের ২৯টি গন্তব্যে লাইটার জাহাজে পণ্য পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে।
ভাড়ার তালিকা অনুযায়ী, সিমেন্ট ক্লিংকার ও স্ল্যাগ ছাড়া অন্যান্য আমদানি পণ্যের ক্ষেত্রে আগের মতোই বাড়তি ভাড়া দিতে হবে আমদানিকারকদের। যেমন বস্তাভর্তি গম ও ডাল পরিবহনের জন্য যেকোনো গন্তব্যে টনপ্রতি ১১৮ টাকা বাড়তি ভাড়া দিতে হবে। এ ক্ষেত্রে চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে বস্তাবোঝাই গম ও ডাল পরিবহনে নতুন ভাড়া হবে টনপ্রতি ৬৬৬ টাকা।
ভোগ্যপণ্য আমদানিকারক ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজ সংকটে এখন এমনিতেই পণ্য পরিবহনে খরচ বেড়েছে। নতুন করে ভাড়া বাড়ানো হলে পণ্যের দামে এই খরচ যুক্ত হবে।
বন্দরগুলোর হিসাব অনুযায়ী, সারা দেশে সমুদ্রপথে আমদানি পণ্যের ৯৩ শতাংশই এ বন্দর দিয়ে খালাস হয়। চট্টগ্রাম বন্দরে কনটেইনারবিহীন আমদানি পণ্যের ৭২ শতাংশ খালাস হয় বহির্নোঙরে। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ কোটি ৮ লাখ টন। এর মধ্যে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতাধীন লাইটার জাহাজে পরিবহন হয় ১ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টন। এ হিসাবে গড়ে ৭০ টাকা করে বাড়তি ভাড়া ধরা হলেও বছরে ব্যবসায়ীদের বাড়তি ব্যয় দাঁড়াবে ১০৮ কোটি টাকা।