বছরে ১৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে বাংলাদেশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে প্রতিবছর ১৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। আর নতুন কর্মসংস্থান সৃষ্টির এ প্রয়াস আগামী ২০ বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে। খবর ইউএনবির।‘দক্ষিণ এশিয়ায় অধিক ও উন্নততর কাজ’ শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এই অভিমত প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি গতকাল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একযোগে প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংকের এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল ঢাকায় ব্র্যাক সেন্টারে বিশ্বব্যাংক ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশসহ গোটা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা জরুরি। আর নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনেও অবদান রাখা যাবে।বিশ্বব্যাংক বলছে, আগামী দুই দশকে দক্ষিণ এশিয়া হবে বিশ্বের সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী অঞ্চল। কেননা, এ সময়কালে দক্ষিণ এশিয়ায় ৩৫ কোটি নতুন কাজের বয়সী মানুষ যোগ দেবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবৃদ্ধি সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি গরিব মানুষ বসবাস করে, যার সংখ্যা ৫০ কোটি। যেহেতু গরিবদের মূল সম্পদই হলো শ্রম, সেহেতু তাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য অধিকতর ও উন্নততর কাজের সুযোগ প্রয়োজন।এ প্রসঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন বলেন, ‘বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলো উচ্চ গুণগত মানের কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে এবং অর্থনৈতিক সংস্কার চালিয়ে যেতে হবে।’