ভারত থেকে প্রতিবছর ১৫ লাখ বেল তুলা আমদানি করতে পারবে বাংলাদেশ। এ বিষয়ে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হবে। চুক্তির খসড়াটি এখন দুই দেশে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তুলার সরবরাহে অনিশ্চয়তা কাটানোর জন্য বাংলাদেশি আমদানিকারক ও ব্যবসায়ীরা সম্প্রতি প্রতিবেশী ভারতের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে সমঝোতায় আসার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান। এরপর বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হয়। ভারত এ বিষয়ে নীতিগতভাবে সম্মত হওয়ার পর এখন ১৫ লাখ বেল পরিমাণটি নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে গতকাল মঙ্গলবার সফররত ভারতীয় বাণিজ্যসচিব এস আর রাওয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।মাহবুব আহমেদ জানান, বাংলাদেশে উৎপাদিত রেফ্রিজারেটর, টেলিভিশন, সাবান ইত্যাদি পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে এখনো কিছুটা জটিলতা রয়ে গেছে। শিগগিরই তা দূর হবে। চলতি বছরের ২৮-২৯ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠকে উভয় দেশের বাণিজ্যসংশ্লিষ্ট যে ২৯টি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, গতকালের বৈঠকে মূলত সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যসচিব। মাহবুব আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে তুলার সংকট দেখা দিলেই ভারত থেকে তুলা আমদানিতে জটিলতা দেখা দেয়। এ বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আগেই। তারাও এ জটিলতা দূর করতে সম্মত। এখন তার প্রক্রিয়া চলছে। বাণিজ্যসচিব বলেন, এত দিন বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থার (বিএসটিআই) সনদ গ্রহণ করত না ভারত। এটি দূর হয়েছে। কারণ, বিএসটিআই ভারতের অ্যাক্রিডিটেশন বোর্ডের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশি সাবান রপ্তানির ক্ষেত্রে পরিবেশগত সনদের বাধ্যবাধকতা ছিল। চেষ্টা চলছে, এটিও দূর হবে শিগগিরই। বৈঠকসূত্র জানায়, বাংলাদেশ থেকে সিমেন্ট আমদানিতে ভারতীয় আইনে কিছু বাধা রয়েছে। এ জন্য তাদের আইন সংশোধন করতে হবে। ভারত সরকার এরই মধ্যে এ বিষয়ে উদ্যোগ নিয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে। বাণিজ্যসচিব বলেন, বৈঠকে ট্রানজিট নিয়েও কথা হয়েছে। তারা আমাদের নৌ ও স্থলবন্দরগুলো ব্যবহার করতে চায়। এ ছাড়া উভয় দেশের বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা ভারত সরকার দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করবে বলে জানিয়েছে ভারতীয় প্রতিনিধিদল। স্থলবন্দরগুলো সপ্তাহের পাঁচ দিনের পরিবর্তে সাত দিন খোলা রাখার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মাহবুব আহমেদ।