মূল্য হস্তান্তর-প্রক্রিয়ার (ট্রান্সফার প্রাইসিং) মাধ্যমে প্রতিবছর অন্তত ১৮০ কোটি ডলার দেশের বাইরে চলে যাচ্ছে। এ থেকে সরকার বছরে এক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ আমিনুল করিম এ তথ্য জানিয়েছেন। রাজধানীর কারওয়ানবাজারের নিজস্ব কার্যালয়ে আয়কর অধ্যাদেশ ও ভ্যাট আইন সংশোধন নিয়ে সদস্যসভার আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।প্রসঙ্গত, এ বছর আয়কর অধ্যাদেশে মূল্য হস্তান্তর বিষয়ে একটি আলাদা ধারা সংযোজন করেছে এনবিআর।আমিনুল করিম বলেন, দেশে পাঁচ কোটি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে এক কোটি হিসাবধারী কর দেন। কিন্তু তাঁদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই। তাঁদের করের আওতায় আনার জন্যই এ বছর করহারে পার্থক্য আরোপ করা হয়েছে, যেন ওই সব করদাতা এখন কর দিতে উৎসাহী হন।বর্তমানে মোট রাজস্ব আয়ের ৩০ শতাংশ প্রত্যক্ষ কর থেকে আসে উল্লেখ করে আমিনুল করিম বলেন, ২০২১ সালে এ হার ৫০ শতাংশে উন্নীত হবে।এনবিআরের এই সদস্য বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত আগে সবচেয়ে কম ছিল। আমরা ক্রমেই উন্নতি করছি। এখন এ হার ১১ শতাংশের ওপরে। ২০১৬ সালে তা ১৩ শতাংশ এবং ২০২১ সালে ১৬ শতাংশে উন্নীত হবে।’সভার প্রধান অতিথি এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, কোনো রাষ্ট্রকে শক্তিশালীভাবে পরিচালিত করতে চারটি বিষয় লক্ষ রাখতে হয়। এগুলো হলো রাজস্ব আহরণ, আয় করা টাকা ব্যয়ের ধরন, সুশাসন ও অবকাঠামো উন্নয়ন।এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘কর প্রশাসনকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানুষ যে করের আওতায় আসছে না, নিশ্চয়ই আমাদেরও কিছু দুর্বলতা আছে।’সভায় এনবিআরের সদস্য মো. আলাউদ্দিন, আইসিএবির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, হুমায়ুন কবির, এম এ বারী প্রমুখ বক্তব্য দেন।সিএ প্রতিষ্ঠানের ভ্যাট কমানোর আশ্বাস: চলতি অর্থবছরের বাজেটে সিএ ফার্মের ওপর মূল্য সংযোজনের হার সাড়ে চার শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।অনুষ্ঠানে আইসিএবির সভাপতি সাইফুল ইসলাম এ তথ্য তুলে ধরে বলেন, এবারের বাজেটে চিকিৎসা ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে। তাই সিএ প্রতিষ্ঠানগুলোকেও ভ্যাটের আওতামুক্ত রাখা উচিত। এর পরিপ্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘সিএ ফার্মের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ একটু বেশি মনে হচ্ছে। এটা পুরোপুরি হয়তো প্রত্যাহার করা সম্ভব হবে না। তবে আগের পর্যায়ে নিয়ে আসা যায় কি না তা দেখব।’