বছরে ৪৭ কোটি টাকা কে দেবে?
জাহাজে তুলে দেওয়ার আগে রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের ওজন পরিমাপ করার নিয়ম চালু হয়েছে ১ জুলাই থেকে। ওজন মেপে দেওয়ার জন্য বেসরকারি ডিপোগুলো কনটেইনারপ্রতি দেড় হাজার টাকা মাশুল নির্ধারণ করেছে। এ হিসাবে বছরে এ খাতে মাশুল আদায় হবে অন্তত ৪৭ কোটি টাকা। এই টাকা কে দেবেন—রপ্তানিকারক, নাকি বিদেশি ক্রেতার প্রতিনিধিরা, তা নিয়ে এখন মুখোমুখি দুটি পক্ষ।
রপ্তানিকারকেরা আপত্তি তুললেও ডিপোগুলো ১ জুলাই থেকে ওজন মেপে দেওয়ার জন্য মাশুল আদায় শুরু করেছে। সরাসরি রপ্তানিকারক বা ফ্রেইট ফরোয়ার্ডার বা কনটেইনার মালিকদের প্রতিনিধিদের কাছ থেকে এই মাশুল আদায় করছে ডিপোগুলো। মাশুল আদায় শুরুর দুই সপ্তাহ পর আপত্তি জানায় প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। অন্য পণ্যের রপ্তানিকারকেরা অবশ্য এখনো আপত্তি তোলেনি।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গত সপ্তাহে নৌমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, রপ্তানি কার্যক্রম সম্পাদনে বেসরকারি ডিপোগুলোর সঙ্গে ফ্রেইট ফরোয়ার্ডার ও কনটেইনার মালিকের প্রতিনিধির চুক্তি হয়। ফলে এই মাশুল তাঁরাই দেবেন। অন্যদিকে ফ্রেইট ফরোয়ার্ডার ও কনটেইনার মালিকদের প্রতিনিধিরা দাবি করছেন, আন্তর্জাতিক নিয়মানুযায়ী মাশুল দেবে শিপার বা রপ্তানিকারকেরাই।
বিষয়টি নিয়ে আগামী শনিবার বন্দর ভবনে নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠক হওয়ার কথা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ এই সভা আহ্বান করেছে। বৈঠকে রপ্তানিকারক, ডিপো, ফ্রেইট ফরোয়ার্ডার ও কনটেইনার মালিকের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
যোগাযোগ করা হলে বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘রপ্তানি পণ্যের ওজন পরিমাপ করার বিষয়টি আগেও ছিল। এখন শুধু আইএমওর নিয়মানুযায়ী সনদ নিতে হচ্ছে। ফলে নতুন করে কেন এই মাশুল দেবে রপ্তানিকারকেরা?’
তবে বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন গিয়াস উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক নৌ সংস্থার নিয়মানুযায়ী রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের ওজন অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে ওজন করে সনদ নেওয়ার কথা রপ্তানিকারকের। ফলে মাশুল প্রদানের দায় পড়ে রপ্তানিকারকের ওপর।
আন্তর্জাতিক নৌ সংস্থা বা আইএমওর সমুদ্রে জীবনের নিরাপত্তা (সেফটি অব লাইফ অ্যাট সি) বিষয়ক কনভেনশনের আওতায় ১ জুলাই থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার আগে অনুমোদিত সংস্থার মাধ্যমে পরিমাপ করে ওজন সনদ নেওয়ার নিয়ম চালু হয়। এর আগে নিজেদের পণ্যের ওজনের তথ্য নথিতে উল্লেখ করত রপ্তানিকারকেরা। ওজনের এই তথ্য কার্যত পুরোপুরি যাচাই-বাছাই হতো না। ফলে ওজনের তারতম্যের কারণে জাহাজ ভারসাম্যহীন হয়ে যাতে দুর্ঘটনায় না পড়ে, সে জন্য এ নিয়ম চালু করা হয়।
হিসাব করে দেখা গেছে, গত অর্থবছর ৩ লাখ ১৬ হাজার কনটেইনারে রপ্তানি পণ্য পরিবহন হয়। কনটেইনারপ্রতি নির্ধারিত দেড় হাজার টাকা হিসাবে এই খাতে মাশুল আসবে ৪৭ কোটি টাকা। রপ্তানি বাড়ায় বছর বছর এই মাশুলের পরিমাণ বাড়বে।
যোগাযোগ করা হলে বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, ডিপোগুলো রপ্তানিকারকের প্রতিনিধিদের কাছ থেকে ওজন মাপার মাশুল আদায় করছে। তারা কার কাছ থেকে এই মাশুল আদায় করবে, সেটি তাদের বিষয়।
ডিপো পরিচালনাকারীরা বলেন, প্রথমে পণ্যভর্তি কনটেইনার গাড়িতে তুলে ওজন মাপার যন্ত্রে রেখে ওজন নেওয়া হয়। এরপর গাড়ির নির্ধারিত ওজন বাদ দিয়ে পণ্যসহ কনটেইনারের ওজন বের করা হয়। যন্ত্রের সাহায্যে কনটেইনার গাড়িতে তোলা, ওজন নেওয়া এবং গাড়ি থেকে কনটেইনার নামানো—এই তিন ধাপে ২০-৩০ মিনিট সময়ের দরকার হয়।