বছরের ইতিবাচক সমাপ্তি বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে সূচকের পতন দিয়ে শুরু হলেও উত্থান দিয়েই শেষ হয়েছে ২০১৩ সালটি। গতকাল সোমবার বছরের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়েছে। ২০১৩ সালের প্রথম কার্যদিবসে সেসময়কার সাধারণ সূচকটি ২৮ পয়েন্ট কমেছিল।
একই ধরনের আচরণ ছিল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গতকাল সিএসইর সার্বিক সূচক ১৬৭ পয়েন্ট বেড়েছে। বছরের প্রথম কার্যদিবসে এই সূচকটি প্রায় ৫১ পয়েন্ট কমেছিল।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২০১৩ সালে প্রথম কার্যদিবসে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৫৩ কোটি টাকা। সেখানে গতকাল প্রায় ৩৮২ কোটি টাকার লেনদেন হয়েছে শেষ কার্যদিবসে। একইভাবে সিএসইতে বছরের প্রথম দিনের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০ কোটি টাকা, সেখানে গতকাল এর পরিমাণ ছিল প্রায় ৩৯ কোটি টাকা।
দুই স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে এদিন ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৪টিরই দাম বেড়েছে, কমেছে ৫১টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। চট্টগ্রামের বাজারে এদিন ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫১টিরই দাম বেড়েছে, কমেছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম। দিন শেষে সার্বিক সূচকটি বেড়ে হয়েছে ১৩ হাজার ২০৩ পয়েন্ট।
বছরের শেষ কার্যদিবসেও ডিএসইতে মূল্য বৃদ্ধির শীর্ষে ছিল দুর্বল মৌলভিত্তির কোম্পানি ফাইন ফুডস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দুই টাকা বা ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সায়।