বছরের দ্বিতীয় প্রান্তিকে ২২ হাজার ৪৯৬ কোটি টাকার এসএমই ঋণ
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে চলতি পঞ্জিকা বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২২ হাজার ৪৯৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। খবর বাসসের।
ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা এ ঋণের পরিমাণ পুরো বছরের লক্ষ্যমাত্রার ৩০ দশমিক ৩২ শতাংশ।
বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এ খাতে বিতরণ করা হয়েছিল ১৯ হাজার ৩৫২ কোটি টাকা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ১৬ দশমিক ২৫ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে পর্যালোচনায় দেখা যায়, বছরের প্রথমার্ধে বা প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এসএমই খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৮ কোটি টাকা। আগের বছরে একই সময়ে এর পরিমাণ ছিল ৩২ হাজার ২৫৫ কোটি টাকা।
এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস’ বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বাসসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো এবার বড় উদ্যোক্তাদের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের শিল্প উদ্যোক্তাদের বেশি ঋণ দিচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ একত্র করে তাদের মোট ঋণ বেড়েছে।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকি ও ব্যাংকগুলোর আন্তরিকতার ফলে এসএমই খাতে বিতরণ করা ঋণের গুণগত মানও বেড়েছে। উৎপাদন ও সেবা খাতে ঋণের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
চলতি বছর এসএমই খাতে ৭৪ হাজার ১৮৬ কোটি ৮৭ লাখ টাকা ঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা রয়েছে, বছর শেষে তা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, এসএমই ঋণের মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ছয় হাজার ৫৪০ কোটি ৯৩ লাখ টাকা বিতরণ হয়েছে, যা এ সময়ে বিতরণ করা এসএমই ঋণের ২৯ শতাংশ। প্রথম প্রান্তিকে বিতরণ হয়েছিল পাঁচ হাজার ৩২৮ কোটি টাকা।
দ্বিতীয় প্রান্তিকে ব্যবসা খাতে ১৪ হাজার ৭৬২ কোটি ৭৭ লাখ টাকা বিতরণ হয়েছে, যা এ খাতের মোট ঋণের ৬৫ দশমিক ৬২ শতাংশ। প্রথম প্রান্তিকে এটি ছিল ১৩ হাজার কোটি টাকা।
এ ছাড়া সেবা খাতে দ্বিতীয় প্রান্তিকে বিতরণ হয়েছে এক হাজার ১৯২ কোটি ৮৭ লাখ টাকা।
প্রতিবেদন পর্যালোচনায় আরও দেখা যায়, এসএমই খাতে দ্বিতীয় প্রান্তিকে বিতরণ করা মোট ঋণের মধ্যে ৮৮৯ কোটি ৮২ লাখ টাকা দেওয়া হয়েছে নারী উদ্যোক্তাদের। প্রথম প্রান্তিকে যা ছিল ৬০২ কোটি টাকা। আর দ্বিতীয় প্রান্তিকে ক্ষুদ্র উদ্যোক্তারা পেয়েছেন ১১ হাজার ৪৭৮ কোটি টাকা।