বছরের পর বছর ধরে তিনি টাঙ্গাইল চেম্বারের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য সংগঠনের সংঘবিধি অমান্য করে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে বছরের পর বছর ধরে টাঙ্গাইল চেম্বারের সভাপতির দায়িত্বে আছেন আবুল কাশেম আহমেদ।চেম্বারের গঠনতন্ত্র ও বাণিজ্য সংগঠনের সংঘবিধি অমান্য করে আবারও তিনি টাঙ্গাইল চেম্বারের নির্বাচনে অংশ নিচ্ছেন। ২৩ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।বাণিজ্য সংগঠনের সংঘবিধি অনুযায়ী পরপর তিন মেয়াদে ছয় বছরের বেশি কেউ কোনো চেম্বারের সভাপতি, এমনকি কার্যকরী কমিটির সদস্য হিসেবে থাকতে পারেন না। অথচ তিনি বহু বছর ধরে সভাপতির দায়িত্বে আছেন। নির্বাচনে পাস করার জন্য নিজের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠ সহচর ব্যবসায়ীদের বাইরে কাউকে চেম্বারের সদস্য করেন না।অভিযোগ রয়েছে, আবুল কাশেম আহমেদ বাণিজ্য সংগঠনের সংঘবিধি নীতিমালা ভেঙে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) বিগত নির্বাচন করেন। পর পর তিনবার পরিচালনা পর্ষদে থাকার পর গত নির্বাচনে তাঁর অংশগ্রহণ অবৈধ ছিল এই অভিযোগে আদালতে একটি মামলা এখনো বিচারাধীন। কিন্তু মামলাটি উচ্চ আদালতে স্থগিত থাকায় নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতির দায়িত্বে আছেন।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি নির্বাচিত হওয়ার পর আবুল কাশেম আহমেদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চেম্বার কাউন্সিলের সভাপতি হিসেবে নিজ উদ্যোগে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে সংবর্ধনা দেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর সে সময় সেনাসদর থেকে আবুল কাশেম আহমেদকে একটি ক্রেস্ট পাঠানো হয়। তিনি লিখিত নির্দেশে ক্রেস্টটি দেশের প্রতিটি চেম্বারে সাত দিন রেখে তা প্রদর্শনের নির্দেশ দেন।নিজেকে আওয়ামী লীগের সমর্থক প্রমাণ করতে আবুল কাশেম ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য দেশের সব চেম্বারকে লিখিত নির্দেশ দিয়েছিলেন। তিনি এখন বাংলাদেশ বিমান এবং টেলিটক বাংলাদেশের পরিচালক।টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, চেম্বারের ১৮৩ জন ভোটারের মধ্যে ১৩৫ জনই তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ। ফলে অন্য কেউ নির্বাচন করে সুবিধা করতে পারে না। টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা বলেন, আবুল কাশেমের কারণেই টাঙ্গাইল চেম্বারটি অকার্যকর ও ব্যর্থ সংগঠনে পরিণত হয়েছে। এ কারণে ১৯৮৬ সালে বিকল্প সংগঠন হিসেবে টাঙ্গাইল জেলা ব্যাবসায়ী ঐক্যজোট গঠন করেন।সূত্র জানায়, ১৯৮৫ সালের ৯ জুন চেম্বারের প্রথম নির্বাচনে আবুল কাশেম আহমেদ সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯১ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। ১৯৯৩ সালের ২৮ জুন সংগঠনের পঞ্চম নির্বাচনে স্থানীয় ব্যবসায়ী আবদুর রাজ্জাক দুই বছর মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। আবার ১৯৯৫ সালের ২৬ জুনের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন আবুল কাশেম আহমেদ। এর পর থেকে ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত তিনি একই পদে বহাল ছিলেন। যোগাযোগ করলে আবুল কাশেম আহমেদ প্রথম আলোকে বলেন, আইনি বৈধতা নিয়েই তিনি টাঙ্গাইল চেম্বার ও এফবিসিসিআইয়ে আছেন। এফবিসিসিআইয়ের নির্বাচন সামনে রেখে কেউ কেউ তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন বলে দাবি করেন তিনি। সরকারি দলের ছত্রচ্ছায়ায় থাকা সম্পর্কে তিনি বলেন, ‘এটি খুবই বাজে কথা। আমি ব্যবসায়ী নেতা। ব্যবসায়ের সঙ্গে রাজনীতিকে মেলানো ঠিক না।’ তিনি আরও বলেন, ‘যাঁরা আয়কর দেন না, বিধি মোতাবেক চেম্বারে তাঁদের সদস্যপদ নেই।’ আরও এক মেয়াদ টাঙ্গাইল চেম্বারের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। আত্মীয়স্বজনকে সদস্য করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি অবাস্তব ও ডাহা মিথ্যে।’