বছরের প্রথম দিনে দরপতন, প্রতিবাদে বিক্ষোভ
বছরের প্রথম কর্ম দিবস আজ মঙ্গলবার দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে। এদিকে বাজারে দরপতনের প্রতিবাদে আজ মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী।প্রত্যক্ষদর্শীরা জানায়, বছরের প্রথম দিনে আজ দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়। এর প্রতিবাদে বেলা আড়াইটার দিকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁরা দরপতন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেন। একই সঙ্গে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৮ পয়েন্ট কমে ৪১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতি প্রবণতায় লেনদেন শুরু হয়। শুরুতেই সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এরপর থেকে সূচক বাড়ার হার কমতে থাকে। এমনকি সূচকের পতনের মধ্যে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৪টিরই দাম কমেছে। বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত রোববারের চেয়ে ৯৬ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, এনবিএল, এক্সিম ব্যাংক, সামিট পাওয়ার, এবি ব্যাংক, বিএসসিসিএল, প্রাইম ব্যাংক ও যমুনা অয়েল।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৭টিরই দাম কমেছে। বেড়েছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।