বছরের প্রথম দিনে পুঁজিবাজার চাঙা
বছরের প্রথম কর্মদিবস আজ রোববার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে আজ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের উলম্ফন দেখা গেছে।বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডিসেম্বরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব শেষ হয়েছে। এসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নতুন করে বাজারে সক্রিয় হচ্ছেন। এর প্রভাবে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা তিনটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯৪.১৫ পয়েন্ট বেড়ে ৫৩৫১.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। বেলা দুইটা ১০ মিনিটে সূচক ১২৮ পয়েন্ট বেড়েছিল।এদিকে গত বছরের শেষ দিন অর্থাত্ গত বৃহস্পতিবারও ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। ওই দিন লেনদেন শেষে সূচক ৩৬ পয়েন্ট বেড়েছিল।ডিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৬টিরই দাম বেড়েছে। কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১১০ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল: গ্রামীণফোন, আরএন স্পিনিং, সোশ্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো, ফু-ওয়াং সিরামিকস, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, এনবিএল, মার্কেন্টাইল ব্যাংক ও সিএমসি কামাল।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৪ পয়েন্ট বেড়ে ১৫১৩৪.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৩টিরই দাম বেড়েছে, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।