বছরের প্রথম প্রান্তিকে রবির গ্রাহক বেড়েছে ১০ লাখ

টানা রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় কমেছে মুঠোফোন অপারেটর রবির। তবে একই সময়ে অপারেটরটির গ্রাহক বেড়েছে ১০ লাখ।
আয় কমা ও গ্রাহক বৃদ্ধির এ পরিসংখ্যান গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) সঙ্গে তুলনা করে তৈরি হয়েছে। রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার ২০১৫ সালের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
অপারেটরটি বলছে, গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় রবির গ্রাহকসংখ্যা ৪ শতাংশ বা ১০ লাখ বেড়ে ২ কোটি ৬৩ লাখ হয়েছে। আবার ২০১৪ সালে রবির মোট গ্রাহক বেড়েছে ২৪ লাখ।
এদিকে এ বছরের প্রথম প্রান্তিকে অপারেটরটির আয় হয়েছে ১ হাজার ২২০ কোটি টাকা, গত বছরের চতুর্থ প্রান্তিকে যা ছিল ১ হাজার ৩৩০ কোটি টাকা। সে হিসেবে এই প্রান্তিকে অপারেটরটির আয় কমেছে ৮ দশমিক ৭ শতাংশ। তবে ২০১৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় এ আয় ৪ দশমিক ১ শতাংশ বেশি।
এ সময় ইন্টারনেট সেবা থেকে অপারেটরটির আয় বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ। তবে টাকার অঙ্কে ইন্টারনেট থেকে
আয়ের পরিমাণ কত তা প্রকাশ করেনি রবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের প্রথম প্রান্তিকে নেটওয়ার্কসহ অবকাঠামো উন্নয়নে ৬৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি। এ পর্যন্ত অবকাঠামো উন্নয়নে অপারেটরটি বিনিয়োগ করেছে মোট ১৪ হাজার ৮৬০ কোটি টাকা।
২০১৫ সালের প্রথম প্রান্তিকে রবি সরকারি কোষাগারে ৪৬০ কোটি টাকার বেশি জমা দিয়েছে, যা এ প্রান্তিকের মোট আয়ের ৩৮ শতাংশ। ১৯৯৭ সালে কার্যক্রম শুরুর পর থেকে রবি এ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে মোট ১৪ হাজার ৫০০ কোটি টাকার বেশি জমা দিয়েছে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসার সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়েছে। এরপরও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে নেটওয়ার্কের বিস্তারে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’