বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগের শীর্ষে চীন
চলতি বছরের প্রথমার্ধে সবচেয়ে বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে চীনে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (ইউএনআঙ্কটাড) হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১২ সালের জানুয়ারি-জুন সময়ে যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগপ্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ২০ শতাংশ কমে গেছে। মূলত এ কারণেই প্রথমার্ধে বিদেশি বিনিয়োগ প্রাপ্তির তালিকায় শীর্ষে উঠে এসেছে চীন।আলোচ্য সময়ে চীনে পাঁচ হাজার ৯১০ কোটি ডলারের সমপরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে পাঁচ হাজার ৭৪০ কোটি ডলার বিনিয়োগ এসেছে। তবে বছর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট বিদেশি বিনিয়োগ অনেক বেড়ে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০০৩ সালে চীন বিশ্বের সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণকারী দেশ হিসেবে তালিকার শীর্ষে ছিল।এই সময়ে বিশ্বব্যাপী মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮০০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৮ শতাংশ কম।আঙ্কটাডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রথমবার উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বজুড়ে মোট বিদেশি বিনিয়োগের অর্ধেক গিয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি মনে করছে, এই বছর শেষে বিশ্বজুড়ে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে এক লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলারের খুব কাছাকাছি। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর শ্লথগতি, দুর্বল চাহিদা এবং বহুজাতিক কোম্পানিগুলোর অপেক্ষা করার নীতি বিশ্ব বিনিয়োগ প্রবাহের ওপর প্রভাব ফেলেছে। সূত্র: সিনহুয়া।