বছরের প্রথমার্ধে ৩২ হাজার কোটি টাকার বেশি এসএমই ঋণ বিতরণ
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে চলতি পঞ্জিকা বছরের প্রথম ছয় মাসে ৩২ হাজার ২৫৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা এই ঋণের পরিমাণ বার্ষিক লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ। খবর বাসসের।আগের বছরের একই সময় এ খাতে বিতরণ করা হয়েছিল ২৬ হাজার ১৬৩ কোটি টাকা। এ হিসেবে ওই সময়ের তুলনায় ছয় হাজার ৯২ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে। অর্থাৎ এসএসই ঋণ বেড়েছে ২৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।এতে আরও দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে এসএমই খাতে বিতরণ করা ঋণের বেশির ভাগই বিতরণ করা হয়েছে ব্যাংকের মাধ্যমে। এ সময় ব্যাংকগুলো দিয়েছে ৩১ হাজার ৪৫৩ কোটি এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো দিয়েছে ৮০২ কোটি টাকা। ব্যাংকগুলো আগের বছরের একই সময়ের তুলনায় ছয় হাজার ২২৫ কোটি টাকা বা ২৪ দশমিক ৬৮ শতাংশ বেশি ঋণ বিতরণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর দেওয়া ঋণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৩ কোটি টাকা বা ১৪ দশমিক ২২ শতাংশ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, আলোচ্য সময়ে এসএমই খাতে বেসরকারি খাতের ব্যাংকগুলো সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে। এ সময় তারা ২৭ হাজার ৫০ কোটি ৬৭ লাখ টাকার এসএমই ঋণ বিতরণ করেছে। আর রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে এক হাজার ৯১৪ কোটি ৬৮ লাখ টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৭৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বাসসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো এবার বড় উদ্যোক্তাদের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের শিল্পোদ্যোক্তাদের বেশি ঋণ দিয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ একত্র করে তাদের মোট ঋণ বেড়েছে। সুকোমল সিংহ চৌধুরী আরও জানান, প্রকৃত উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে ঋণের মান ও উদ্যোক্তা যাচাই করছেন। ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। তিনি আরও বলেন, ম্যানুফ্যাকচারিং খাতের মাধ্যমে যেহেতু নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, তাই এ খাতে ঋণ বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। এর ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ম্যানুফ্যাকচারিং খাতে এ সময় ১০ হাজার ৪৬৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা এসএমই খাতের মোট ঋণের ৩২ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের একই সময় বিতরণ করা হয়েছিল সাত হাজার ৮৮৫ কোটি টাকা, যা মোট এসএমই ঋণের ৩০ দশমিক ১৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, বছরের প্রথম ছয় মাসে ব্যবসা খাতে ২০ হাজার ১৫৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা এ খাতের মোট ঋণের ৬২ দশমিক ৪৮ শতাংশ। আগের বছরের একই সময় এটি ছিল ১৬ হাজার ৬১৭ কোটি টাকা, যা ছিল ওই বছর বিতরণ করা ঋণের ৬৩ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া সেবা খাতে বিতরণ করা হয়েছে এক হাজার ৬৩৯ কোটি টাকা (৫ শতাংশ)। আগের বছর বিতরণ করা হয়েছিল এক হাজার ৬৬১ কোটি টাকা (৬ দশমিক ৩৫ শতাংশ)।