এ বছরের মাঝামাঝি সময়ে দেশের মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে উঠে যেতে পারে। বিশ্ববাজারে সাম্প্রতিক খাদ্য ও ভোগ্যপণ্যের মূল্য পরিস্থিতির গতি-প্রকৃতি বিশ্লেষণ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঢাকায় আবাসিক প্রতিনিধি এতেরি কিনত্রাজে গতকাল বুধবার এই পূর্বাভাস দিয়েছেন।আবাসিক প্রতিনিধি বলেন, বেশ কয়েকটি কারণে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ধারাবাহিকভাবে বাড়তে পারে। এ বছরের মাঝামাঝি এই হার দুই অঙ্কে (১০ শতাংশ বা এর বেশি) গিয়েও পৌঁছাতে পারে। বিশ্ববাজারে খাদ্য ও ভোগ্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি দেশের ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্যের মতো কয়েকটি কারণই মূল্যস্ফীতি বাড়াচ্ছে।এতেরি কিনত্রাজে মাত্র সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশে এসে আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় ছিলেন।গত অক্টোবর মাসে ঢাকা সফর শেষে আইএমএফের আর্টিকেল-৪ মিশন যে প্রতিবেদন দিয়েছে, এতেরি কিনত্রাজে সে বিষয়ে দুটি বিদেশি সংবাদ সংস্থা ও প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে মতবিনিময়কালে এসব মতামত দেন।প্রসঙ্গত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত বোরবার ডিসেম্বর মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। এ হিসাবে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫১ শতাংশ। নভেম্বরে এই হার ছিল ৭ দশমিক ২৪ শতাংশ। গত ১৫ মাসের মধ্যে মূল্যস্ফীতির এই হার সর্বোচ্চ।পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে খাদ্য সূচকে মূল্যস্ফীতি হয়েছে সাড়ে ৯ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত সূচকে ৭ দশমিক ০৪ শতাংশ। এ সময়ে গ্রামের তুলনায় আবার শহরে মূল্যস্ফীতির হার ছিল বেশি। গ্রামে এই হার ৮ দশমিক ২৭ শতাংশ এবং শহরে ৯ দশমিক ১০ শতাংশ।আইএমএফ এর আগে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটি প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলেছে, ব্যাংকে পড়ে থাকা বিপুল পরিমাণ উদ্বৃত্ত তারল্য মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে। এমনিতে সাধারণভাবে আইএমএফের মত হচ্ছে, মূল্যস্ফীতি ৮ শতাংশ ছাড়িয়ে গেলে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কেননা, এর ফলে নির্ধারিত আয়ের এবং গরিব মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।এতেরি কিনত্রাজে কিছু নীতি পদক্ষেপ নিয়ে এই অতিরিক্ত তারল্য কমানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘বিনিময় হারে (ডলারের বিপরীতে টাকা) অবমূল্যায়ন করে মূল্যস্ফীতির চাপকে প্রশমিত করা যেতে পারে। এতে রপ্তানির পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।’আবাসিক প্রতিনিধি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়ছে। রপ্তানি আয় কমছে। একই সঙ্গে কমছে প্রবাসী-আয়। প্রবাসী-আয় কমার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিশ্ব শ্রমবাজারে নতুনভাবে বাংলাদেশের মানবসম্পদ রপ্তানি কমে আসছে।আইএমএফের প্রতিনিধি দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, বছরে মোট দেশজ উত্পাদনে প্রবৃদ্ধির (জিডিপি) মাত্র এক ভাগ এফডিআই আসে। বাণিজ্যের জন্য কিছু প্রতিকূল অবস্থার কারণে এই বিনিয়োগ আসছে না। অবকাঠামো বিশেষত গ্যাস-বিদ্যুত্ ও বাণিজ্য-সহায়ক পরিবেশের উন্নয়নের মাধ্যমে এই বিনিয়োগকে উত্সাহিত করা যায় বলে এতেরি কিনত্রাজে মত দেন। তাঁর মত হলো, ‘বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে।’বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে বলেছে, সরাসরি বিদেশি বিনিয়োগ ৯৪ শতাংশ কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৯০ লাখ ডলার। এর প্রধানতম কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গ্যাস-বিদ্যুতের অভাবকে চিহ্নিত করেছে।এতেরি কিনত্রাজে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৫ হবে বলে মত দেন। ব্যাখ্যায় তিনি বলেন, রপ্তানি-আয় ক্রমশ কমে আসছে, আমদানি-ব্যয় বাড়ছে। একই সঙ্গে কমছে প্রবাসী-আয়ের প্রবাহ।‘তবে বিশ্ব অর্থনীতিতে পুনরুদ্ধার দ্রুত হলে আমরা বাংলাদেশের প্রবৃদ্ধি হার সম্পর্কে আমাদের পূর্বাভাস পর্যালোচনা করব,’ বলেন ঢাকায় আইএমএফের প্রধান।২০০৮ সালের তথ্য-উপাত্তের ভিত্তিতে এতেরি কিনত্রাজে বলেন, বাংলাদেশের পুঁজিবাজার খুব বড় নয়। অর্থনীতিতে এর ভূমিকাও তেমন নেই।তবে ২০০৯ ও চলতি বছরের গত দুই মাসে দেশের পুঁজিবাজারের ব্যাপক উল্লম্ফন এবং বাজার মূলধন জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে আইএমএফের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে হালনাগাদ তথ্য-উপাত্ত নেই। তবে তাঁদের সংস্থা পুঁজিবাজারের বর্তমান অবস্থা পরখ করছে বলেও জানান তিনি।